ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

‘জিসিসির ভবিষ্যৎ এক সুতোয় গাঁথা’, ইরানের হামলার পর ঐক্যের ডাক

‘জিসিসির ভবিষ্যৎ এক সুতোয় গাঁথা’, ইরানের হামলার পর ঐক্যের ডাক
×

উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য দেশগুলোর পতাকা। ফাইল ছবি: এএফপি

এএফপি

প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ১৫:১০

কুয়েত ও বাহরাইনে নতুন হামলার ঘটনায় পারস্য উপসাগরীয় দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ওই হামলার জন্য ইরানকে দায়ী করা হচ্ছে। 

আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ বলেছেন, ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র কুয়েত ও বাহরাইনের ওপর ইরানের আগ্রাসনের মুখে উপসাগরীয় দেশগুলোকে দৃঢ়, ঐক্যবদ্ধ ও সুসংহত অবস্থান গড়ে তুলতে হবে।

সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে দেওয়া পোস্টে গারগাশ লিখেছেন, কোনো উপসাগরীয় রাষ্ট্রকেই ইরানের হামলার মুখে একা ছেড়ে দেওয়া উচিত নয়। কারণ উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসিভুক্ত দেশগুলোর নিরাপত্তা একে অপরের সঙ্গে জড়িত। তাদের স্বার্থ অভিন্ন এবং ভবিষ্যৎ এক সুতোয় গাঁথা।

আনোয়ার গারগাশ আরও লিখেছেন, এই আগ্রাসন কেবল একটি দেশকে লক্ষ্য করে করা হয়নি, এটি সবার ওপর আঘাত করার মতো।

বুধবার বাহরাইন কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ইরানের তিনটি ক্ষেপণাস্ত্র ও বেশ কয়েকটি ড্রোন সফলভাবে প্রতিহত করেছে। একই দাবি করেছে, মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। আর কুয়েতের কর্মকর্তারা জানিয়েছেন, কুয়েত সিটিতে অবস্থিত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি প্যাসেঞ্জার টার্মিনালে ইরান ড্রোন হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

কুয়েত ও বাহরাইনে হামলার বিষয়ে একটি বিবৃতি দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের অভিযোগ, মঙ্গলবার রাতে হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার ও একটি দ্বীপে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্র দেশ দুটির ভূখণ্ড ব্যবহার করেছে। আইআরজিসি বলেছে, এই জবাব থেকে আমেরিকানদের শিক্ষা হওয়া উচিত।

আরও পড়ুন

×