নিরাপত্তা পরিষদের সদস্য হতে না পেরে রাশিয়াকে দুষছে জার্মানি
জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাদেফুল। ফাইল ছবি: এএফপি
বিবিসি
প্রকাশ: ০৪ জুন ২০২৬ | ১৩:৩৯ | আপডেট: ০৪ জুন ২০২৬ | ১৭:০০
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদের নির্বাচনে জিততে পারেনি জার্মানি। এটিকে তারা ‘লড়াকু পরাজয়’ হিসেবে বর্ণনা করেছে। একইসঙ্গে ব্যর্থতার জন্য দায়ী করেছে রাশিয়াকে।
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জানান, ইউক্রেন ও ইসরায়েলের প্রতি বার্লিনের দৃঢ় সমর্থন এই নির্বাচনে ভোট কমার মূল কারণ হতে পারে। এর আগে বুধবার সন্ধ্যায় পরিষদের অস্থায়ী পাঁচটি সদস্য পদের জন্য ভোটগ্রহণ হয়। এতে পর্তুগাল ও অস্ট্রিয়ার কাছে হেরে যায় জার্মানি।
জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাদেফুল বলেন, ‘ইউক্রেনের প্রতি আমাদের দৃঢ় সমর্থন আছে। আর রাশিয়া স্বাভাবিকভাবেই চায় না যে নিরাপত্তা পরিষদে আমাদের মতো কোনো কণ্ঠস্বর থাকুক।’ রাশিয়া জার্মানির বিরুদ্ধে সদস্য দেশগুলোর মনোভাবকে উসকে দিয়েছে। এটি কোনো গোপন বিষয় নয় বলেও মন্তব্য করেন জার্মান মন্ত্রী।
ভাদেফুল বলেন, ‘নির্দিষ্ট কিছু ইস্যুতে আমরা সবসময়ই স্পষ্ট অবস্থান নিয়েছি। আমাদের এসব অবস্থান সব সদস্য দেশ একইভাবে সমর্থন করে না। মধ্যপ্রাচ্য সংকটে জার্মানিকে সবসময়ই ইসরায়েলের পক্ষে একটি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হয়। এটিও আমাদের ভোট কমার কারণ হতে পারে।’
রাশিয়াসহ চীন, ফ্রান্স, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। জার্মানির অস্থায়ী সদস্যপদ পাওয়ার বিরুদ্ধে লবিং বা প্রচার চালানোর অভিযোগ নিয়ে মস্কো এখনো প্রতিক্রিয়া দেখায়নি।
- বিষয় :
- নিরাপত্তা পরিষদ
- সদস্য
- নির্বাচন
- জার্মানি
- রাশিয়া
