ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

রাশিয়া ২০৩০ সালের মধ্যে ন্যাটোর ওপর হামলা করতে পারে: স্টারমার

রাশিয়া ২০৩০ সালের মধ্যে ন্যাটোর ওপর হামলা করতে পারে: স্টারমার
×

প্রতিরক্ষা কারখানা পরিদর্শনের সময় বক্তব্য দেন কিয়ার স্টারমার। শুক্রবার ইংল্যান্ডের সুইনডন শহরে। ছবি: এএফপি

দ্য গার্ডিয়ান

প্রকাশ: ০৫ জুন ২০২৬ | ১৯:৪৫ | আপডেট: ০৫ জুন ২০২৬ | ১৯:৪৯

ন্যাটোর সদস্য দেশগুলোর গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, রাশিয়া ২০৩০ সালের মধ্যে জোটভুক্ত দেশগুলোর ওপর হামলা করতে পারে। এই হুমকির মুখে যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিনিয়োগ আরও বাড়াতে হবে।

শুক্রবার প্রতিরক্ষা কারখানা পরিদর্শনের সময় স্টারমার এই সম্ভাব্য হামলার কথা উল্লেখ করেন। তিনি প্রতিরক্ষা খাতে বিনিয়োগের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘এ বিষয়ের গুরুত্ব সম্পর্কে যদি নতুন কোনো প্রমাণের প্রয়োজন হয়, তবে ব্রিটেন ও ন্যাটোভুক্ত অন্যান্য দেশের গোয়েন্দা মূল্যায়ন বলছে, ২০৩০ সালের মধ্যে জোটের ওপর রাশিয়ার একটি হামলা হতে পারে।’

স্টারমার আরও বলেন, ‘আমরা বেশ কিছুদিন ধরে প্রতিরক্ষা বিনিয়োগ পরিকল্পনা নিয়ে কাজ করছি। এই পরিকল্পনাটি ন্যাটো শীর্ষ সম্মেলনের আগেই প্রকাশ করা হবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্মেলন।’

এর আগে, বিবিসি রেডিও-৪ এর এক অনুষ্ঠানে যুক্তরাজ্যের চিফ অব দ্য ডিফেন্স স্টাফ এয়ার চিফ মার্শাল রিচার্ড নাইটন সতর্ক করে বলেন, রাশিয়া সাইবার হামলা, প্রযুক্তি পাচার ও গুপ্তহত্যার চেষ্টার মাধ্যমে যুক্তরাজ্যের প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছে।

রিচার্ড নাইটন বলেন, ব্রিটেনের জন্য বর্তমান সময়টি গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বিপজ্জনক। সম্ভাব্য দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য দেশকে প্রস্তুত করা প্রয়োজন।

আরও পড়ুন

×