ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

পশ্চিম এশিয়ার সংঘাত

অনাহারের ঝুঁকিতে বিশ্বের কোটি মানুষ: ডব্লিউএফপি

অনাহারের ঝুঁকিতে বিশ্বের কোটি মানুষ: ডব্লিউএফপি
×

ছবি: সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৬ | ০৪:২২

পশ্চিম এশিয়ার চলমান সংঘাত বিশ্বের কোটি কোটি মানুষকে আরও গভীর খাদ্য সংকটের দিকে ঠেলে দিচ্ছে। গতকাল শুক্রবার এ নিয়ে সতর্ক করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।

জাতিসংঘের এ সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, জ্বালানি ও পরিবহন ব্যয় বাড়ার কারণে বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে খাদ্যের দাম। অন্যদিকে, তীব্র তহবিল সংকটের কারণে ত্রাণ সংস্থাগুলো তাদের সহায়তার পরিধি কমাতে বাধ্য হচ্ছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানকে ঘিরে যে আঞ্চলিক সংঘাত শুরু হয়, তা পারস্য উপসাগর থেকে লেবানন পর্যন্ত ছড়িয়ে পড়ে।

এর ফলে হরমুজ প্রণালিসহ গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হয়। নিরাপত্তার কারণে জাহাজগুলো বাধ্য হয়ে বিকল্প ও দীর্ঘ পথ ব্যবহার করছে, যা বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ও সাপ্লাই চেইনকে ব্যাপকভাবে ব্যাহত করছে।

ডব্লিউএফপি মার্চে পূর্বাভাস দিয়েছিল, জুন পর্যন্ত অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের আশপাশে থাকলে বিশ্বের প্রায় চার কোটি ৫০ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মুখে পড়তে পারে। তাদের সেই আশঙ্কাই এখন বাস্তবে রূপ নিতে শুরু করেছে। মার্চের শুরু থেকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ওই স্তরের ওপরে অবস্থান করছে।

সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে আফগানিস্তান, সোমালিয়া ও শ্রীলঙ্কার মতো দেশগুলো। জ্বালানি ব্যয় বৃদ্ধি, খাদ্য মূল্যের ঊর্ধ্বগতি, আয় কমে যাওয়া এবং পণ্য সরবরাহে বিঘ্ন ঘটায় এসব দেশের সাধারণ মানুষ জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে। খবর রয়টার্সের।

আরও পড়ুন

×