ঢাকা রোববার, ০৭ জুন ২০২৬

যুক্তরাষ্ট্রে উৎসবের মধ্যে গোলাগুলি, আহত ১২

যুক্তরাষ্ট্রে উৎসবের মধ্যে গোলাগুলি, আহত ১২
×

দুই দিনব্যাপী ওল্ড ওয়েস্ট এন্ড উৎসব টলেডোর অন্যতম ঐতিহ্যবাহী আয়োজন। ছবি: সংগৃহীত

দ্য গার্ডিয়ান

প্রকাশ: ০৭ জুন ২০২৬ | ১০:৪৭

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের টলেডো শহরে একটি কমিউনিটি উৎসবের কাছে বন্দুক হামলায় অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজন বন্দুকধারীরা এখনও পলাতক রয়েছে। শনিবার টলেডোর ঐতিহাসিক ওল্ড ওয়েস্ট এন্ড এলাকায় আয়োজিত বার্ষিক উৎসব চলাকালে এ ঘটনা ঘটে। উৎসবস্থলে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির মধ্যেই গুলির ঘটনা ঘটে, যা মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে দেয়।

টলেডোর ডেপুটি পুলিশ প্রধান জো হেফারনন জানান, ঘটনাস্থলে অন্তত দুইজন বন্দুকধারী ছিল বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, তারা একে অপরকে লক্ষ্য করে গুলি চালাচ্ছিল। এ সময় সাধারণ মানুষ গুলির মধ্যে পড়ে আহত হন।

পুলিশ জানিয়েছে, লাইভ মিউজিক, ঐতিহাসিক বাড়ি পরিদর্শন ও বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন উপভোগ করতে হাজারো মানুষ উৎসবে অংশ নিয়েছিল। ঘটনার পর পুরো এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, গুলির শব্দ শোনা মাত্র মানুষ আতঙ্কে দৌড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে। একই সঙ্গে জরুরি সেবা কর্মীরা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করছেন।

দুই দিনব্যাপী ওল্ড ওয়েস্ট এন্ড উৎসব টলেডোর অন্যতম ঐতিহ্যবাহী আয়োজন। প্রতি বছর এখানে লাইভ মিউজিক, খাবারের স্টল, ঐতিহাসিক বাড়ি প্রদর্শনী ও কেনাকাটার নানা আয়োজন থাকে, যা দেখতে হাজার হাজার মানুষ ভিড় করেন।

এদিকে ওহাইওর গভর্নর মাইক ডেওয়াইন এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, গ্রীষ্মকালীন উৎসবগুলো পরিবার ও বন্ধুদের জন্য নিরাপদ মিলনস্থল হওয়া উচিত, সহিংসতার আতঙ্কের জায়গা নয়। তিনি দ্রুত তদন্ত এবং দায়ীদের গ্রেপ্তারের আহ্বান জানান।
 

আরও পড়ুন

×