ঢাকা রোববার, ০৭ জুন ২০২৬

মার্কিন শীর্ষ কর্মকর্তাদের ওপর নজরদারির চেষ্টা করছে ইসরায়েল

মার্কিন শীর্ষ কর্মকর্তাদের ওপর নজরদারির চেষ্টা করছে ইসরায়েল
×

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা। ছবি: সংগৃহীত

এএফপি ও আলজাজিরা

প্রকাশ: ০৭ জুন ২০২৬ | ১৬:৪০ | আপডেট: ০৭ জুন ২০২৬ | ১৬:৫৫

মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ আলোচনা ও সিদ্ধান্ত সংক্রান্ত তথ্য জানতে গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছে ইসরায়েল। তাদের এই গুপ্তচরবৃত্তির হুমকিকে ‘গুরুতর’ হিসেবে চিহ্নিত করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর পেন্টাগন।

পেন্টাগনের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির (ডিআইএ) বরাত দিয়ে এনবিসি নিউজ লিখেছে, ইসরায়েলের ‘হিউম্যান ইন্টেলিজেন্স’ বা মানব-গুপ্তচরবৃত্তি পরিচালনা এবং প্রযুক্তিগত তথ্য সংগ্রহের সক্ষমতা বর্তমানে গুরুতর স্তরে আছে।

এর আগে দ্য নিউইয়র্ক টাইমস এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে। তারা উল্লেখ করে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত ও শীর্ষ আলোচক স্টিভ উইটকফ এবং পেন্টাগনের নীতি নির্ধারণী কর্মকর্তা এলব্রিজ কোলবিসহ বেশ কয়েকজন পদস্থ কর্মকর্তার ওপর আড়ি পাতার চেষ্টা চালিয়েছে ইসরায়েল।

সম্প্রতি মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহুর সম্পর্কের টানাপোড়েন দৃশ্যমান হয়ে উঠেছে। এর মধ্যেই নজরদারির তথ্য সামনে এলো।

গত সপ্তাহে দুই নেতার মধ্যে ফোনালাপ হয়। সেখানে লেবাননের বৈরুতে হামলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। তিনি অপ্রকাশযোগ্য শব্দও ব্যবহার করেন। ফোনালাপটি নিয়ে তখন প্রতিবেদন প্রকাশ করেছিল অ্যাক্সিওস ও এবিসি নিউজ।

এনবিসি নিউজ ও নিউইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করেছে। অন্যদিকে পেন্টাগনেরই নাম প্রকাশে অনিচ্ছুক একজন মুখপাত্র এ ধরনের খবরকে ‘মিথ্যা’ বলে দাবি করেছেন। 

ওয়াশিংটন বহু বছর ধরে ইসরায়েলকে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সহায়তা এবং অস্ত্র সরবরাহ করে আসছে। এছাড়া, মার্কিন কংগ্রেসে বর্তমানে একটি নতুন প্রতিরক্ষা বিলের ওপর বিতর্ক চলছে। এটি পাস হলে দুই দেশের অস্ত্র গবেষণা ও উন্নয়নের মাত্রা আরও বাড়বে।

আরও পড়ুন

×