ইরানের সম্পদ উপসাগরীয় মিত্রদের দিতে চায় যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের কাছে জব্দকৃত ইরানি সম্পদের পরিমাণ প্রায় ২৪ বিলিয়ন ডলার। প্রতীকী ছবি
রয়টার্স
প্রকাশ: ০৭ জুন ২০২৬ | ১৮:৪২ | আপডেট: ০৭ জুন ২০২৬ | ১৮:৪৬
ইরানের হামলার কারণে উপসাগরীয় দেশগুলোর যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেটি মেরামতের একটি উদ্যোগের কথা ভাবছে যুক্তরাষ্ট্র। এর জন্য দেশটি ইরানের জব্দকৃত সম্পদকে কাজে লাগাতে চায়।
বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে মার্কিন অর্থমন্ত্রী একটি দলকে নির্দেশ দিয়েছেন বলেও জানিয়েছে ওই সূত্র। বর্তমান ক্ষয়ক্ষতির পাশাপাশি ভবিষ্যতের কোনো হামলায় ক্ষতি হলেও এই সম্পদ দিয়ে তা মেরামত করা হবে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত পরবর্তী উত্তেজনা বন্ধের আলোচনায় সম্পদ ছাড়ের বিষয়টিকে অন্যতম শর্ত হিসেবে উপস্থাপন করেছে তেহরান। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান যখন যুদ্ধের অবসানে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে, তখনই সম্পদের ব্যবহার নিয়ে এমন খবর সামনে এলো।
একদিন আগে ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মহসেন রেজাই সিএনএনকে বলেছিলেন, তিন মাস ধরে চলা এই যুদ্ধ অবসানের শান্তি চুক্তিটি মূলত জব্দকৃত সম্পদ ছাড়ের ওপর নির্ভর করছে। সম্পদটি জব্দ করে রেখেছে যুক্তরাষ্ট্র। এর পরিমাণ প্রায় ২৪ বিলিয়ন ডলার।
ইরানি সম্পদ অন্য খাতে ব্যবহারের এই উদ্যোগ ভঙ্গুর যুদ্ধবিরতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে। ইতোমধ্যে দুই দেশ পাল্টাপাল্টি হামলাও করেছে।
- বিষয় :
- সম্পদ
- জব্দ
- ইরান
- যুক্তরাষ্ট্র
- উপসাগরীয় দেশ
