ইসরায়েলে আরও এক ঝাঁক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, বাড়ল তেলের দাম
ক্ষেপণাস্ত্র হামলার খবরে আশ্রয়কেন্দ্রে ইসরায়েলিরা। সোমবার তেল আবিবে। ছবি: এএফপি
এএফপি
প্রকাশ: ০৮ জুন ২০২৬ | ১৩:৪৬
ইসরায়েল লক্ষ্য করে ইরান সোমবার আরও এক ঝাঁক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। দুই দেশের পাল্টাপাল্টি এই হামলার খবরে অপরিশোধিত তেলের দামও পাঁচ শতাংশের বেশি বেড়েছে।
আইডিএফ জানিয়েছে, ‘কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েল লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। সেগুলো প্রতিহত করতে প্রতিরক্ষামূলক ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে।’
জেরুজালেমে থাকা এএফপির সাংবাদিকরা নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনতে পান। ইরানের সঙ্গে এই হামলায় ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীও যোগ দিয়েছে।
এদিকে এই হামলার মধ্যেই আগস্টে সরবরাহের জন্য রাখা ব্রেন্ট ক্রুডের দাম ৫ দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৯৭ দশমিক ৮৩ ডলারে বিক্রি হচ্ছে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআইয়ের দাম ৪ দশমিক ৮ শতাংশ বেড়ে বিক্রি হচ্ছে ৯৪ দশমিক ৮৫ ডলারে।
এর আগে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছিল, তাদের ভূখণ্ড লক্ষ্য করে ইরান ১১টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। জবাবে তেল আবিবও ইরানের মাহশাহরে অবস্থিত একটি পেট্রোকেমিক্যাল কোম্পানিতে হামলা চালায়। এরপরই ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়ছে।
- বিষয় :
- ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
- ইসরায়েল
- ইরান
- তেলের দাম
