ইরান-যুক্তরাষ্ট্রকে সংযমের আহ্বান চীন-রাশিয়ার
রাশিয়া ও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যথাক্রমে মারিয়া জাখারোভা ও লিন জিয়ান। ছবি: সংগৃহীত
এএফপি
প্রকাশ: ১০ জুন ২০২৬ | ১৬:১৪
নতুন করে সংঘাত শুরু হওয়ায় ইরান ও যুক্তরাষ্ট্রকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে চীন ও রাশিয়া। বুধবার দেশ দুটির পররাষ্ট্র মন্ত্রণালয় পৃথকভাবে এ আহ্বান জানায়।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক সংবাদ সম্মেলনে বলেন, সংশ্লিষ্ট সব পক্ষের উচিত শান্ত থাকা ও সংযম প্রদর্শন করা। সংঘাত ও উত্তেজনা উসকে না দিয়ে পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে আনতে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া দরকার।
পৃথকভাবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফায় সশস্ত্র সংঘাত নিয়ে মস্কো উদ্বিগ্ন। ইরানের ওপর হামলা করে যুক্তরাষ্ট্র এ দফার সংঘাতে উসকানি দিয়েছে। মস্কো উভয়পক্ষকে সংযত থাকার এবং অবিলম্বে সামরিক হামলা বন্ধের আহ্বান জানাচ্ছে।
মঙ্গলবার হরমুজ প্রণালির কাছে একটি মার্কিন হেলিকপ্টার ভূপাতিত হয়। ইরানের বিরুদ্ধে সেটিকে ভূপাতিতের অভিযোগ তুলে রাতে হামলা করে মার্কিন সামরিক বাহিনী। জবাবে তেহরানও মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
- বিষয় :
- ইরান
- যুক্তরাষ্ট্র
- পাল্টাপাল্টি হামলা
- চীন
- রাশিয়া