মার্কিন ভিসানীতিতে সমালোচনা, ক্ষোভ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ জুন ২০২৬ | ০৯:৩৪ | আপডেট: ১২ জুন ২০২৬ | ১০:১৭
| প্রিন্ট সংস্করণ
এবারের বিশ্বকাপকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র সরকারের নানা বিতর্কিত পদক্ষেপ বিশ্বজুড়ে ফুটবল-ভক্তদের মধ্যে সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি করেছে। বিশেষ করে ট্রাম্প সরকারের ভিসানীতির কারণে মাঠে বসে বিশ্বকাপ দেখতে আগ্রহী ফুটবল অনুরাগী, টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের সদস্য, এমনকি বিশ্বকাপ ম্যাচ রেফারিদেরও যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধার মুখে পড়তে হচ্ছে। এসব বিষয় নিয়ে ফিফার ওপরেও চাপ বাড়ছে। তবে যুক্তরাষ্ট্রকে স্বাগতিক করায় কোনো অনুশোচনায় ভুগছেন না ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফুটবল-ভক্তদের ক্ষোভ ও সমালোচনা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের ভিসার বিষয়টি নিয়ে সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।
গত বুধবার মেক্সিকো সিটিতে বিশ্বকাপের উদ্বোধনী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ইনফান্তিনো বলেন, ‘আমাকে চাইলে আপনারা বিশ্বাস করতে পারেন অথবা নাও করতে পারেন। আমরা সবসময় কোনো সমস্যা সমাধানের পথ খুঁজে থাকি, সেটাই আমাদের নীতি। আপনাকে এটি মনে রাখতে হবে– আমরা (ফিফা) বিশ্বের রাজা নই এবং বিশ্বের সরকার ও পুলিশ বাহিনীসহ অন্যান্য কর্তৃপক্ষের ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই।
আমরা কেবল একটি খেলাধুলার সংগঠন। আমাদের নিয়ন্ত্রণে যা কিছু আছে সেটি দিয়ে আমরা সমস্যা সমাধানের পথে এগোই।’
বিশ্বকাপের আগ মুহূর্তে মঙ্গলবার রাতে টুর্নামেন্টের ম্যাচ পরিচালনার জন্য ফিফার তালিকাভুক্ত রেফারি সোমালিয়ার ওমর আরতানকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। ইস্তাম্বুল থেকে যুক্তরাষ্ট্রের মিয়ামি বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁকে ফেরত পাঠানো হয়। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ভাষ্য, আরতানের সঙ্গে সন্ত্রাসবাদী সংগঠনের সন্দেহভাজন সদস্যদের সংশ্লিষ্টতা পাওয়ার অভিযোগে তাঁকে যুক্তরাষ্ট্রে ঢুকতে দেওয়া হয়নি। এ বিষয়ে সংবাদ সম্মেলনে ওঠা প্রশ্নের জবাবে ইনফান্তিনো বলেন, ‘সোমালিয়ার রেফারি ওমরের সঙ্গে যা ঘটেছে সেটি দুর্ভাগ্যজনক। আবারও বলছি, সবকিছুর নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই। (তাঁর বিষয়ে) আমরা চেষ্টা করছি। এ বিষয়ে আমরা আলোচনা করবো এবং বিষয়টি দেখবো। সম্ভবত, মাঝে মধ্যে শান্ত ও সংযত থাকা ভালো। আমরা সমস্ত বিষয় নিয়েই কাজ করি, সব সমস্যাই সমাধানের চেষ্টা করি।’
ফিফা সভাপতি বলেন, ‘কখনও কখনও কোনো সমস্যা সামনে এলে তাৎক্ষণিক চিৎকার, চেঁচামেচি সমস্যার সমাধান খোঁজার ক্ষেত্রে হিতে বিপরীত ফল বয়ে আনে। আমি এটি বোঝাতে চাইনি শান্ত থাকা মানে কোনো কিছুই না করে চুপচাপ থাকা। আমি বোঝাতে চেয়েছি, আপনারা আমাদের ওপর বিশ্বাস রাখেন যে এসব সমস্যা সমাধানে পর্দার অন্তরালে কাজ চলছে। বিষয়টি বোঝার চেষ্টা করুন। অনেক বিষয় আছে সেসব প্রকাশ্যে বলা যায়, আবার এমন অনেক বিষয় আছে আমরা সেটি প্রকাশ্যে বলতে পারি না। আমরা সব সময় যে কোনো ঘটনাকে ইতিবাচক দৃষ্টিতে দেখে সেটির সমাধানের চেষ্টা করে থাকি।’
ভিসা সমস্যার কারণে ইরান দলের বেস ক্যাম্প যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোর তিজুয়ানাতে সরিয়ে নেওয়া এবং ফিফা রেফারি আরতানকে প্রবেশ করতে না দেওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্রকে ২০২৬ বিশ্বকাপের স্বাগতিক করা নিয়ে কোনো অনুশোচনা নেই বলেও জানান ইনফান্তিনো। সংবাদ সম্মেলনে টুর্নামেন্টে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত সত্ত্বেও ইরান দলের সদস্যদের যুক্তরাষ্ট্রের ভিসা প্রাপ্তিতে ফিফার সফল মধ্যস্ততার বিষয়টি তুলে ধরেন তিনি। ইনফান্তিনো বলেন, ‘যুক্তরাষ্ট্রের মাটিতে ইরানকে খেলানোর বিষয়ে সফলতা এসেছে। আমি জানি না কার দ্বারা এমনটি সম্ভব হয়েছে। ... আমরা চাঁদে বসবাস করি না, আমরা পৃথিবীতেই বাস করি এবং আমরা (সমস্যা সমাধানে) আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করি।’
- বিষয় :
- মার্কিন ভিসা নিষেধাজ্ঞা
