আর্জেন্টিনায় সমর্থকরা কেন সান্ত্বনা হিসেবে টিভি পেলেন
বিনামূল্যে টিভি পাওয়া কয়েকজন আর্জেন্টাইন সমর্থক। ছবি: রয়টার্স
রয়টার্স
প্রকাশ: ১২ জুন ২০২৬ | ১৩:৪১ | আপডেট: ১২ জুন ২০২৬ | ১৩:৪৯
ফিফা বিশ্বকাপ দেখতে যুক্তরাষ্ট্রে যেতে চেয়েও যেসব আর্জেন্টাইন নাগরিক ভিসা পাননি, তাদের জন্য ব্যতিক্রমী এক উদ্যোগ নেয় দেশটির একটি কোম্পানি। যুক্তরাষ্ট্রে গিয়ে খেলা দেখতে না পারলেও অন্তত নতুন একটি টেলিভিশনে বিশ্বকাপ উপভোগ করার সুযোগ পাচ্ছেন সৌভাগ্যবান সমর্থকরা।
আর্জেন্টিনার শিল্পগোষ্ঠী নিউজান গত বুধবার সমর্থকদের বুয়েন্স এইরেসে তাদের কার্যালয়ের সামনে যেতে বলে। ঘোষণা দেওয়া হয়, লাইনে দাঁড়ানো ১০০ জনকে স্থানীয় ব্র্যান্ড নোব্লেক্সের একটি করে টিভি দেওয়া হবে।
তবে ওই ঘোষণায় একটি শর্ত ছিল। বিনামূল্যে টিভি নিতে চাইলে চলতি বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণের ভিসা প্রত্যাখ্যাত হওয়ার প্রমাণপত্র দেখাতে হবে। ইনস্টাগ্রামে দেওয়া বিজ্ঞাপনে বলা হয়, ‘আপনার প্রত্যাখ্যাত ভিসার কাগজ নিয়ে আসুন, আর নিয়ে যান একটি ফ্রি টিভি।’
সৌভাগ্যবানদের একজন ২৪ বছর বয়সী পেশাদার ভিডিওগেম খেলোয়াড় তোমাস ভাগেলার। তিনি বলেন, ‘আমি ভিসার জন্য আবেদন করেছিলাম। কারণ, এটি হয়তো মেসির শেষ বিশ্বকাপ। আমি খেলা দেখতে যেতে পারব না, এটা খুবই দুঃখজনক। তবে অন্তত একটি উপহার নিয়ে ফিরছি।’
তিনবারের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনায় ফুটবল উন্মাদনা সাধারণত তুঙ্গে থাকে। তবে এবারের বিশ্বকাপ ঘিরে সেই উত্তেজনা তুলনামূলকভাবে কিছুটা ম্লান। বিশেষ করে ২০২২ সালের বিশ্বকাপের মতো উন্মাদনা এবার দেখা যাচ্ছে না।
কাতার বিশ্বকাপে বাড়তি উত্তেজনার কারণ ছিলেন লিওনেল মেসি। সমর্থকদের মধ্যে অনেকের ধারণা ছিল, মেসির নেতৃত্বে শিরোপা জয়ের সেটাই ছিল শেষ সুযোগ। ফলে সবার মধ্যে বাড়তি উত্তেজনা কাজ করেছিল।
- বিষয় :
- আর্জেন্টিনা
- ফুটবল বিশ্বকাপ-২০২৬
- সমর্থক
