ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ভবানীপুরে শুভেন্দুর জয়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা

ভবানীপুরে শুভেন্দুর জয়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা
×

কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি-ভিডিও থেকে নেওয়া

শুভজিৎ পুততুন্ড, কলকাতা

প্রকাশ: ১৬ জুন ২০২৬ | ২০:১৯

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে নির্বাচন সংক্রান্ত মামলা (ইলেকশন পিটিশন) দায়ের করেছেন। মঙ্গলবার তিনি আদালতে এ আবেদন জমা দেন।

এদিন মমতার সঙ্গে আদালতে উপস্থিত ছিলেন তৃণমূলপন্থি সংসদ সদস্য ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন এবং আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। আদালতে প্রবেশ ও বের হওয়ার সময় মমতা গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুর আসনে বিজেপি নেতা ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে ১৫ হাজার ১০৫ ভোটের ব্যবধানে পরাজিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। ফল ঘোষণার পর থেকেই তিনি নির্বাচনে অনিয়ম ও ভোট লুটের অভিযোগ তুলে আসছিলেন। ৫ মে কালীঘাটের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে মমতা দাবি করেছিলেন, “আমরা হারিনি, জোর করে ভোট লুট করা হয়েছে।”

এর আগে ২০২১ সালের নন্দীগ্রাম নির্বাচনে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হওয়ার পরও তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলার নিষ্পত্তি এখনও হয়নি।

মমতার নতুন আইনি পদক্ষেপকে কটাক্ষ করেছে বিজেপি। রাজ্যের মন্ত্রী শঙ্কর ঘোষ বলেন, “নন্দীগ্রামে হারের পরও তিনি আদালতে গিয়েছিলেন। এবারও একই পথ বেছে নিয়েছেন। আদালতের রায়েই তার সব বিভ্রান্তির অবসান হবে।”

অন্যদিকে, আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীর আবারও মমতার প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, মমতা ভবিষ্যতে রেজিনগর বা বসিরহাট আসন থেকে নির্বাচনে অংশ নিলে তাকে জেতাতে সর্বাত্মক সহযোগিতা করবেন এবং প্রয়োজনে তার বিরুদ্ধে প্রার্থীও দেবেন না।

এদিকে, মমতা যখন হাইকোর্টে ছিলেন, তখন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সিআইডি দপ্তরে হাজিরা দেন। সই জালিয়াতি ও নির্বাচনী প্রচারে বিতর্কিত মন্তব্য সংক্রান্ত একটি মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। এর আগের দিনও তাকে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

আরও পড়ুন

×