চুক্তির পরও পাল্টাপাল্টি হামলা, ১৮ লেবানিজ ও ৪ ইসরায়েলি নিহত
লেবাননে বিমান হামলার ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়ছে (বাঁয়ে)। হিজবুল্লাহর হামলায় নিহত এক ইসরায়েলি সেনা (ডানে)। ছবি: এএফপি ও টিওআই
এএফপি ও টাইমস অব ইসরায়েল
প্রকাশ: ১৯ জুন ২০২৬ | ১৮:৩২ | আপডেট: ১৯ জুন ২০২৬ | ১৮:৩৪
লেবাননে আবারও সংঘর্ষ তীব্র হয়েছে। শুক্রবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলের সামরিক বাহিনী চার সদস্য নিহতের খবর দিয়েছে।
মধ্যপ্রাচ্যের সব ফ্রন্টে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক বা প্রাথমিক চুক্তিতে স্বাক্ষরের পর এই ঘটনা ঘটল। ওই চুক্তির আওতায় লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার লড়াই স্থগিত হওয়ার কথা ছিল।
ইসরায়েলি সেনাদের মৃত্যুর ঘটনায় দেশটিতে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতমার বেন-গভির বলেছেন, ‘লেবাননকে জ্বলতে হবে।’ অপরদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণের অন্তত ১০টি গ্রাম ও শহরে চালানো বিমান হামলায় ১৮ জন নিহত ও ৩৩ জন আহত হয়েছেন।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকাল পর্যন্ত তারা বহু লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
টাইমস অব ইসরায়েল লিখেছে, তেল আবিব সমঝোতা স্মারকের অন্তর্ভুক্ত না। তারা দক্ষিণ লেবাননের বাফার জোন থেকে সেনা প্রত্যাহারের জন্য ইরানের দাবি প্রত্যাখ্যান করেছে। তেল আবিব বলছে, সীমান্তবর্তী জনপদগুলোকে হিজবুল্লাহর হামলা থেকে সুরক্ষিত রাখতে এই বাফার জোন প্রয়োজন।
- বিষয় :
- লেবানন
- হিজবুল্লাহ
- ইসরায়েল
- হামলা
- নিহত
- মধ্যপ্রাচ্যে সংঘাত
