কলকাতায় তিন যুদ্ধজাহাজ উদ্বোধন করলেন মোদি
উদ্বোধন করা তিনটি যুদ্ধজাহাজের একটি। ছবি: এনডিটিভির সৌজন্যে
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ২১ জুন ২০২৬ | ১৫:২৮ | আপডেট: ২১ জুন ২০২৬ | ১৫:৩২
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ সফর করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার সেখানে তিনি ৩টি যুদ্ধজাহাজ উদ্বোধন করেছেন। আনুষ্ঠানিকতা শেষে এগুলো রওনা দেবে আন্দামানের উদ্দেশে।
গার্ডেন রিচ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরে জাহাজগুলো উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আরএনবি রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তারা। আইএনএস দুনাগিরি, অগ্রয় ও সংশোধক নামের জাহাজগুলো তৈরি করা হয়েছে ভারতীয় প্রযুক্তিতে।
আইএনএস সংশোধক জাহাজে হালকা ওজনের টর্পেডো, রকেট লঞ্চার আছে। এটি ভারতের চতুর্থ বৃহত্তম জরিপ জাহাজ। উপকূলীয় ও গভীর সাগরে হাইড্রোগ্রাফিক জরিপ এবং প্রতিরক্ষা ও বেসামরিক ক্ষেত্রে তথ্য সংগ্রহের জন্য জাহাজটি বিশেষভাবে নকশা করা হয়েছে।
তিন জাহাজের মধ্যে দুনাগিরি ‘প্রজেক্ট ১৭এ’ স্টেলথ ফ্রিগেটগুলোর একটি। অত্যাধুনিক অস্ত্র ও সেন্সরে সজ্জিত এই ফ্রিগেট ব্রহ্মস ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। এই ক্ষেপণাস্ত্র ভূমি থেকে ভূমি এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপ করতে সক্ষম।
আইএনএস অগ্রয় নামের জাহাজটি সমুদ্র তীরবর্তী অংশ এবং গভীর সাগরে জরিপ করতে পারে। এটি আর্নালা শ্রেণির চতুর্থ অ্যান্টি সাবমেরিন যুদ্ধজাহাজ।
জাহাজ উদ্বোধন শেষে নরেন্দ্র মোদি বলেন, ভারতের পুনর্জাগরণে গতি দিয়েছে পশ্চিমবঙ্গ। নৌসেনা সক্ষম না হলে কোনও রাষ্ট্র শক্তিশালী হতে পারে না। ভারত এখন আত্মনির্ভর, সুরক্ষিত। বাংলা থেকে আত্মনির্ভর, সুরক্ষিত ভারতের কার্যক্রম হচ্ছে।
নৌবাহিনীর পক্ষ থেকে গত শুক্রবার এক বিবৃতিতে জানানো হয়েছিল, জাহাজগুলোর নকশা করেছে ‘ওয়ারশিপ ডিজাইন ব্যুরো’। নির্মাণকাজ হয়েছে কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সে (জিআরএসই)।
- বিষয় :
- যুদ্ধজাহাজ
- ভারত
- আন্দামান
- পশ্চিমবঙ্গ
- কলকাতা
- নরেন্দ্র মোদি
