কর বাবদ ১ কোটি ২৯ লাখ পাউন্ড দিলেন রাজা চার্লস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৬ | ০৫:২০
ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস ২০২৪-২৫ অর্থবছরে ১ কোটি ২৯ লাখ পাউন্ড কর পরিশোধ করেছেন। আধুনিক ব্রিটিশ ইতিহাসে এই প্রথম কোনো রাজা বা রানি স্বেচ্ছায় নিজের কর পরিশোধের তথ্য প্রকাশ করলেন।
বৃহস্পতিবার প্রকাশিত রাজপরিবারের বার্ষিক আর্থিক প্রতিবেদন ও হিসাব থেকে এ তথ্য জানা গেছে। একই প্রতিবেদনে দেখা যায়, প্রিন্স অব ওয়েলস প্রিন্স উইলিয়াম একই সময়ে আয়কর ও মূলধনী মুনাফা কর (ক্যাপিটাল গেইনস ট্যাক্স) বাবদ ৭৭ লাখ ৬০ হাজার পাউন্ড পরিশোধ করেছেন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, আগের অর্থবছর ২০২৩-২৪ সালে রাজা চার্লস ১ কোটি ১৭ লাখ পাউন্ড এবং প্রিন্স উইলিয়াম ৮৩ লাখ ৪০ হাজার পাউন্ড কর দিয়েছিলেন।
রাজা চার্লস ও প্রিন্স উইলিয়ামের কার্যালয় জানিয়েছে, কর পরিশোধের তথ্য প্রকাশের সিদ্ধান্ত তাদের ব্যক্তিগত। বাকিংহাম প্রাসাদের ভাষ্য, রাজপরিবারের জবাবদিহি ও স্বচ্ছতা সম্পর্কে জনসাধারণের বোঝাপড়া বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, সিংহাসনে আরোহণের পর থেকে রাজা চার্লস ও প্রিন্স উইলিয়াম মিলিয়ে ব্রিটিশ রাজস্ব বিভাগ এইচএম রেভিনিউ অ্যান্ড কাস্টমসকে (এইচএমআরসি) ৫ কোটি পাউন্ডের বেশি কর পরিশোধ করেছেন। তবে কর কীভাবে নির্ধারণ করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো হিসাব প্রকাশ করা হয়নি।
রাজা চার্লসের আয়ের প্রধান উৎস হলো ডাচি অব ল্যাঙ্কাস্টার এস্টেট। রাজকীয় দায়িত্ব ও ব্যক্তিগত ব্যয় নির্বাহের জন্য গঠিত এই সম্পত্তি থেকে ২০২৫-২৬ অর্থবছরে তার আয় হয়েছে ২ কোটি ৫২ লাখ পাউন্ড। এ ছাড়া ব্যক্তিগত বিনিয়োগ, সঞ্চয় এবং বালমোরাল ও স্যান্ড্রিংহাম এস্টেট থেকেও তার আয় হয়।
অন্যদিকে প্রিন্স উইলিয়ামের প্রধান আয়ের উৎস ডাচি অব কর্নওয়াল। এই এস্টেট থেকে প্রাপ্ত অর্থ দিয়ে তিনি সরকারি দায়িত্ব, ব্যক্তিগত কার্যালয় এবং পারিবারিক ব্যয় পরিচালনা করেন। তার ব্যক্তিগত সচিব ইয়ান প্যাট্রিক জানিয়েছেন, প্রয়োজনীয় ব্যয় বাদ দিয়ে অবশিষ্ট নিট আয়ের ওপর সর্বোচ্চ হারে কর পরিশোধ করেন প্রিন্স উইলিয়াম। এসব ব্যয় স্বাধীনভাবে নিরীক্ষাও করা হয়।
বার্ষিক প্রতিবেদনে আরও জানানো হয়েছে, রাজা চার্লস ও রানি ক্যামিলা বাকিংহাম প্রাসাদে না উঠে আগের মতো ক্ল্যারেন্স হাউসেই বসবাস চালিয়ে যাবেন। এর ফলে বাকিংহাম প্রাসাদ সাধারণ মানুষের জন্য আরও বেশি উন্মুক্ত রাখা এবং সেখান থেকে আয় বাড়ানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে ২০২৭-২৮ অর্থবছরে রাজপরিবারের সরকারি ব্যয় নির্বাহের জন্য সার্বভৌম অনুদান (সোভরেন গ্র্যান্ট) বেড়ে ৯ কোটি ৯৯ লাখ পাউন্ডে পৌঁছাবে। এই অর্থ রাজপরিবারের সদস্যদের ব্যক্তিগত আয় নয়; সরকারি দায়িত্ব, কর্মচারীদের বেতন, ঐতিহাসিক স্থাপনার রক্ষণাবেক্ষণ, সরকারি সফর, সাইবার নিরাপত্তা জোরদার এবং রাজপ্রাসাদে সবুজ জ্বালানিতে রূপান্তরের মতো খাতে ব্যয় করা হবে।
সূত্র: বিবিসি
- বিষয় :
- ব্রিটিশ রাজা
- কর
