যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি
হরমুজ পারাপার নিয়ে তেহরানের হুঁশিয়ারি
হরমুজ প্রণালি
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৬ | ০৬:৪৮
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। তেহরানের অনুমতি ছাড়া এই নৌপথ ব্যবহার করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একই সঙ্গে প্রণালিতে ঘোষিত একটি নতুন রুটকে অগ্রহণযোগ্য ও অত্যন্ত বিপজ্জনক বলে আখ্যায়িত করেছে তারা।
আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১০০ দিনেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ করে রেখেছিল তেহরান। সম্প্রতি দেশ দুটির মধ্যে সাময়িক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। বর্তমানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আলোচনা চললেও বৈশ্বিক জ্বালানি সরবরাহের এই প্রধান রুটটির ভবিষ্যৎ নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষই এখন মুখোমুখি অবস্থানে রয়েছে।
ইরান জানিয়েছে, ভবিষ্যতে এই প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোর ওপর তারা সামুদ্রিক সেবা শুল্ক আরোপ করবে। তবে যুক্তরাষ্ট্রের দাবি, এটি একটি আন্তর্জাতিক নৌপথ। তাই এখানে কোনো ধরনের শুল্ক বা ফি আদায় করা যাবে না।
গতকাল বৃহস্পতিবার আইআরজিসি এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালি পারাপারের একমাত্র অনুমোদিত পথ হলো ইরান ঘোষিত রুটটি। এর বাইরে যে কোনো ধরনের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে।
আপাতত জাতিসংঘের সংস্থা আইএমও এবং ওমানের সমন্বয়ে একটি সাময়িক ব্যবস্থার অধীনে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ চলছে। এই ব্যবস্থায় গত তিন দিনে ৫৭টি জাহাজ হরমুজ প্রণালি পার হয়েছে। একটি নতুন রুট দিয়ে জাহাজ পার হওয়ার পরই ইরানের পক্ষ থেকে এই কড়া বার্তা এলো। তবে ৬০ দিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর এই আন্তর্জাতিক নৌপথের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা এখনও অনিশ্চিত। এদিকে, মধ্যপ্রাচ্য সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বাহরাইনে এক সংবাদ সম্মেলনে বলেন, আন্তর্জাতিক নৌপথ ব্যবহারের জন্য কোনো দেশের শুল্ক আদায়ের অধিকার নেই।
উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) দেশগুলোর সঙ্গে বৈঠক শেষে রুবিও জানান, হরমুজ প্রণালিতে ইরানের শুল্ক আরোপের দাবির পক্ষে অঞ্চলের কোনো দেশের সমর্থন নেই। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উপসাগরীয় মিত্রদের আশ্বস্ত করে বলেছেন, ইরানের সঙ্গে যে কোনো চুক্তি করার সময় তাদের নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকারে থাকবে।
তিন দিনে ইরান ধ্বংসের স্বপ্ন সফল হয়নি
এই টানাপোড়েনের মধ্যেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক ভাষণে সামরিক বাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার বিরুদ্ধে আমাদের সশস্ত্র বাহিনী এমন এক মহাকাব্যিক প্রতিরোধ গড়ে তুলেছে, যা শত্রুরা কখনও কল্পনাও করতে পারেনি। আমাদের শত্রুরা বিশ্বাস করেছিল, তারা মাত্র তিন দিনের মধ্যে ইসলামিক প্রজাতন্ত্রের অবসান ঘটাবে।
- বিষয় :
- যুক্তরাষ্ট্র
- ইরান
- যুদ্ধবিরতি
- হরমুজ প্রণালি
- হুঁশিয়ারি
