ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

বেইজিংয়ে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত

বেইজিংয়ে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত
×

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৬ | ২০:৩৮ | আপডেট: ২৬ জুন ২০২৬ | ২০:৩৯

চীনের রাজধানী বেইজিংয়ে ১০৯ তলা বিশিষ্ট সর্বোচ্চ উঁচু ভবনে শুক্রবার বিকেলে একটি ছোট বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভবনে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

দুর্ঘটনার পর লোকজনকে দ্রুত ভবনটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে সঙ্গে সেখানে দমকল বাহিনীর গাড়ি, পুলিশ ও অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ১০৯ তলা বিশিষ্ট সিটিক টাওয়ারে (চায়না জুন) আঘাতের পর ভবন থেকে ধ্বংসাবশেষ নিচে পড়ছে। ঘটনাস্থলে বিমানের লেজের একটি অংশ এবং নিচে থাকা একটি ট্যাক্সিক্যাবের ভাঙা জানালাও দেখা গেছে।

সিএনএন জানায়, ঘটনার বিস্তারিত জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বিমানটির মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, দুর্ঘটনায় হতাহতের বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি বিমানে কতজন আরোহী ছিলেন বা কোথা থেকে আসছিল এবং ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তাও এখনো জানা যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিমানের নিবন্ধন নম্বর অনুযায়ী, এটি চীনে তৈরি সানওয়ার্ড এসএ ৬০এল অরোরা মডেলের একটি হালকা স্পোর্টস বিমান হতে পারে। বিমানটি একটি স্থানীয় জেনারেল এভিয়েশন কোম্পানির মালিকানাধীন বলে ধারণা করা হচ্ছে।

ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, দুর্ঘটনার আগে বিমানটির উড্ডয়নপথ স্বাভাবিক পথ থেকে সরে গিয়েছিল।

চলতি বছরের ১ মে থেকে নতুন বিধিনিষেধ কার্যকর হওয়ার পর বেইজিংয়ে সরকারি অনুমতি ছাড়া ড্রোন কেনা, ভাড়া নেওয়া বা ওড়ানো কার্যত নিষিদ্ধ।

আরও পড়ুন

×