তিন মাসের শিশুকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী
ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৬ | ২১:৪২
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জলবায়ুনীতি নিয়ে লুক্সেমবার্গে অনুষ্ঠিত মন্ত্রীদের বৈঠকে ব্যতিক্রমী এক দৃশ্যের দেখা মিলেছে। সুইডেনের জলবায়ুমন্ত্রী রোমিনা পুরমোখতারি তার তিন মাস বয়সী ছেলে অ্যাডামকে সঙ্গে নিয়েই বৈঠকে যোগ দেন।
ইইউ কাউন্সিলের এক কর্মকর্তা জানিয়েছেন, তাদের জানা মতে- ইইউভুক্ত দেশগুলোর মন্ত্রীদের বৈঠকে এটিই প্রথম কোনো শিশুর উপস্থিতির ঘটনা।
৩০ বছর বয়সী রোমিনা পুরমোখতারি বলেন, কর্মজীবন ও পারিবারিক দায়িত্বের মধ্যে নারীদের যেন একটি বেছে নিতে না হয়- সেই বার্তা দিতেই তিনি ছেলেকে সঙ্গে নিয়ে বৈঠকে অংশ নিয়েছেন।
তিনি বলেন, ‘আমি দেখাতে চেয়েছি যে একজন নারীকে কাজ ও পরিবারের মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে হবে না। অবশ্য এর জন্য এমন একজন জীবনসঙ্গীও প্রয়োজন, যিনি আধুনিক মানসিকতার এবং দায়িত্ব ভাগ করে নিতে প্রস্তুত।’
২০২২ সালে মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার সময় রোমিনা ছিলেন সুইডেনের ইতিহাসের সবচেয়ে কম বয়সী মন্ত্রী। সম্প্রতি তিনি মাতৃত্বকালীন ছুটি শেষে কাজে ফিরেছেন। বর্তমানে তার স্বামী পিতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। তিনি লুক্সেমবার্গ সফরে স্ত্রী ও সন্তানকে সঙ্গ দেন এবং বৈঠক চলাকালে অ্যাডামের দেখাশোনার দায়িত্ব পালন করেন।
সুইডেনে বিশ্বের অন্যতম উদার পিতৃত্ব ও মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা রয়েছে। দেশটিতে বাবা-মা মিলিয়ে প্রায় ১৬ মাসের বেতনসহ ছুটি পান। এর মধ্যে ৯০ দিন করে মা ও বাবার জন্য আলাদাভাবে নির্ধারিত থাকে। একজনের জন্য বরাদ্দ ছুটি অন্যজন নিতে পারেন না। নির্ধারিত সময়ের মধ্যে ছুটি ব্যবহার না করলে তা বাতিল হয়ে যায়।
রোমিনা বলেন, শুধু দীর্ঘ ছুটির ব্যবস্থাই নয়, বাবা-মায়ের মধ্যে নমনীয়ভাবে ছুটি ভাগাভাগি এবং সাশ্রয়ী শিশুযত্নসেবার সুযোগও নিশ্চিত করা প্রয়োজন।
তার ভাষ্য, ‘এ ধরনের নীতি এমন মূল্য তৈরি করে, যেটিকে খাটো করে দেখার সুযোগ নেই। এর সব মূল্য হয়তো অর্থনৈতিক নয়, কিন্তু শেষ পর্যন্ত কর্মীদের মানসিক চাপ কমিয়ে অর্থনীতির জন্যও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।’
বৈঠকে উপস্থিত পোল্যান্ডের উপ-জলবায়ুমন্ত্রী ক্রিস্টফ বোলেস্তা বলেন, বৈঠকে একটি শিশুর উপস্থিতি কোনো সমস্যা তৈরি করেনি। তিনি বলেন, ‘আমি মনে করি, এটি দারুণ একটি বিষয়। এটি কোনো প্রতিবন্ধকতা নয়, বরং জীবনেরই একটি অংশ।’
