কার্গো জাহাজে আঘাতের জবাবে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা
হরমুজ প্রণালি। ফাইল ছবি/এএফপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ জুন ২০২৬ | ০৫:০৫ | আপডেট: ২৭ জুন ২০২৬ | ০৫:০৮
একদিন আগে ‘এভার লাভলি’ নামক একটি মালবাহী জাহাজে (কার্গো ভেসেল) ইরানি ড্রোন আঘাত হানার ঘটনার জবাবে ইরানের ওপর নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান তদারকিকারী ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নিশ্চিত করেছে, তারা বৃহস্পতিবারের ওই ড্রোন হামলার ‘শক্তিশালী জবাব’ দিয়েছে।
সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন বিমান ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত রাখার স্থান এবং উপকূলীয় রাডার সাইটগুলোতে আঘাত হেনেছে। দক্ষিণ ইরানের বন্দর সিরিকের কাছে এই মার্কিন হামলার খবর পাওয়া গেছে। সেন্টকমের মতে, গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক বাণিজ্য করিডোরে ইরানের বিপজ্জনক আচরণ নৌচলাচলের স্বাধীনতাকে ক্ষুণ্ন করেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সিঙ্গাপুরে নিবন্ধিত বাণিজ্যিক জাহাজ ‘এভার লাভলি’র ওপর বৃহস্পতিবারের ইরানি হামলাটি গত ১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) একটি ‘বোকামিপূর্ণ লঙ্ঘন’।
১৭ জুনের ওই স্মারকে লেবাননসহ সব ফ্রন্টে সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধের আহ্বান জানানো হয়েছিল, যা মূলত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধকে কার্যকরভাবে স্থগিত করেছিল। স্মারকটি চূড়ান্ত না হলেও এটি হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছিল।
যুদ্ধ শুরুর পর থেকে ইরান হরমুজ প্রণালি দিয়ে নৌচলাচল বন্ধ রাখায় বিশ্বজুড়ে জ্বালানি, সার এবং অন্যান্য পণ্যের দাম হু হু করে বেড়েছে। এমওইউ-এর অন্যতম উদ্দেশ্য ছিল, আগামী ৬০ দিন ইরান হরমুজ প্রণালিতে বিনা ফিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে সর্বোচ্চ সহায়তা করবে।
সূত্র: আল জাজিরা
- বিষয় :
- হরমুজ প্রণালী
- যুক্তরাষ্ট্র
- ইরান
- ইরান যুদ্ধ
