ধর্মীয় অনুষ্ঠান নিয়ে বিতর্ক, পাকিস্তানে ১৫ দিনের জন্য জিও নিউজের সম্প্রচার বন্ধ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ২০:৩০
মহররম উপলক্ষে প্রচারিত একটি অনুষ্ঠানে ‘ধর্মীয় দৃশ্যায়ন’ দেখানোর অভিযোগে পাকিস্তানের বেসরকারি টেলিভিশন চ্যানেল জিও নিউজের সম্প্রচার ১৫ দিনের জন্য স্থগিত করেছে দেশটির ইলেকট্রনিক মিডিয়া নিয়ন্ত্রক সংস্থা পেমরা।
শনিবার জারি করা এক আদেশে পেমরা জানায়, আশুরা উপলক্ষে সম্প্রচারিত ‘সফর-ই-ইশক’ শীর্ষক অনুষ্ঠানে এমন কিছু ধর্মীয় দৃশ্য উপস্থাপন করা হয়েছে, যা দর্শকদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে।
পেমরার ভাষ্য, এ ধরনের দৃশ্যায়ন ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে পারে এবং জনশৃঙ্খলা ও শান্তি বিঘ্নিত হওয়ার ঝুঁকি তৈরি করে। এ কারণে তাৎক্ষণিকভাবে জিও নিউজের সম্প্রচার লাইসেন্স ১৫ দিনের জন্য স্থগিত করা হয়েছে।
নিয়ন্ত্রক সংস্থার নির্দেশ অনুযায়ী, আগামী ১৫ দিন স্যাটেলাইটসহ সব ধরনের সম্প্রচার প্ল্যাটফর্মে জিও নিউজের সম্প্রচার বন্ধ থাকবে। একই সঙ্গে বিষয়টি তদন্তের জন্য পেমরার কাউন্সিল অব কমপ্লেইন্টসের কাছে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনে আরও নিয়ন্ত্রক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানানো হয়েছে।
এছাড়া বিতর্কিত অনুষ্ঠানটি কীভাবে সম্প্রচারিত হলো, সে বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত করে প্রতিবেদন জমা দিতে জিও নিউজকে নির্দেশ দিয়েছে পেমরা। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে কী পদক্ষেপ নেওয়া হবে, তাও জানাতে বলা হয়েছে।
এদিকে জিও নিউজ এক বিবৃতিতে ঘটনাটিকে ‘সম্পাদনাগত ভুল’ বলে উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছে।
চ্যানেলটির দাবি, বিতর্কিত ভিডিওটি তাদের সম্পাদকীয় নীতি বা মুসলিম উম্মাহর স্বীকৃত ধর্মীয় বিশ্বাসের প্রতিফলন নয়। এতে ইরাক ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে সীমিত পরিসরে পালিত কিছু স্থানীয় ধর্মীয় আচার তুলে ধরা হয়েছিল। এটি কোনো নির্দিষ্ট ধর্মীয় মতাদর্শের প্রচার বা সমর্থনের উদ্দেশ্যে প্রচার করা হয়নি বলেও জানায় তারা।
সূত্র: আরব নিউজ
