প্রায় দুই বছর পর কলকাতা মিশনে পূর্ণকালীন ডেপুটি হাইকমিশনার, দায়িত্বে মোহাম্মদ খালেদ
মোহাম্মদ খালেদ। ফাইল ছবি
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ০১ জুলাই ২০২৬ | ০৩:১৬
প্রায় দুই বছর পর কলকাতায় বাংলাদেশের মিশনে পূর্ণকালীন ডেপুটি হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অভিজ্ঞ কূটনীতিক মোহাম্মদ খালেদ। বর্তমানে তিনি চীনের কুনমিংয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। জানা গেছে, আগামী ১৫ জুলাইয়ের পর, অর্থাৎ জুলাইয়ের তৃতীয় সপ্তাহে তিনি কলকাতায় এসে নতুন দায়িত্ব গ্রহণ করতে পারেন।
মোহাম্মদ খালেদ ২০০৬ সালের ২১ আগস্ট বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সহকারী সচিব হিসেবে যোগ দেন। তিনি বাংলাদেশ ফরেন সার্ভিসের ২৫তম ব্যাচের (বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার) কর্মকর্তা। দীর্ঘ কূটনৈতিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। কুনমিংয়ে দায়িত্ব নেওয়ার আগে তিনি মিয়ানমারের ইয়াঙ্গুন, পর্তুগালের লিসবন এবং গ্রিসের এথেন্সে বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন পদে কর্মরত ছিলেন।
এ ছাড়া তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ক, বিমসটেক ও এসিডি উইং, পশ্চিম এশিয়া উইং, মধ্য এশিয়া ও আফ্রিকা উইং এবং ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন উইংয়ে দায়িত্ব পালন করে কূটনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছেন।
শিক্ষাজীবনে তিনি গ্রিসের ন্যাশনাল অ্যান্ড কাপোডিস্ট্রিয়ান ইউনিভার্সিটি অব এথেন্স থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস থেকে বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে কোনো পূর্ণকালীন ডেপুটি হাইকমিশনার ছিলেন না। সে সময় মিশনের দূতালয় প্রধান মোহাম্মদ আশরাফুল সিকদার ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। চলতি বছরের জুনে তার দায়িত্ব শেষ হলে তিনি দেশে ফিরে যান। বর্তমানে প্রথম সচিব (রাজনৈতিক) আয়েশা আক্তার ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনারের দায়িত্ব পালন করছেন।
এর আগে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের পূর্ণকালীন ডেপুটি হাইকমিশনার ছিলেন আন্দালিব ইলিয়াস। তার শ্রীলঙ্কায় বদলির পর থেকে দীর্ঘদিন ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে মিশনের কার্যক্রম পরিচালিত হচ্ছিল। মোহাম্মদ খালেদের নিয়োগের মধ্য দিয়ে প্রায় দুই বছর পর আবারও পূর্ণকালীন ডেপুটি হাইকমিশনার পাচ্ছে কলকাতার বাংলাদেশ মিশন।
- বিষয় :
- কলকাতা
- হাইকমিশনার
