ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

এপস্টেইন কাণ্ডে প্রতিশোধের ভয়

আত্মগোপনে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগকারী নারী

আত্মগোপনে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগকারী নারী
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬ | ০৪:৩১

জেফরি এপস্টেইনের যৌন নিপীড়ন মামলার অন্যতম ভুক্তভোগী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগকারী এক নারী প্রতিশোধের ভয়ে আত্মগোপনে রয়েছেন বলে খবর প্রচার করেছে দ্য গার্ডিয়ান। ‘জেন ডো ৪’ ছদ্মনামের ওই নারীর স্বজনদের বরাতে সংবাদমাধ্যমটি জানাচ্ছে, অভিযুক্ত মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে ভুক্তভোগীর ওপর প্রতিশোধ নেওয়া হতে পারে বা তার কোনো ক্ষতি করা হতে পারে– এই আশঙ্কায় সম্পূর্ণ আত্মগোপনে রয়েছেন তিনি। 

ভুক্তভোগী নারীর আত্মীয় জানান, শৈশব থেকেই একের পর এক ট্রমার মধ্য দিয়ে যাওয়ায় তিনি মানসিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত। নিজের পরিচয় ও অবস্থান গোপন রাখতে ওই নারী এখন বিচ্ছিন্ন অবস্থায় আছেন।

২০১৯ সালে মার্কিন গোয়েন্দা সংস্থাকে দেওয়া চারটি সাক্ষাৎকারে ভুক্তভোগী নারী দাবি করেন, ১৯৮০ সালের দিকে যখন তার বয়স ১৩ থেকে ১৫ বছরের মতো ছিল, জেফরি এপস্টেইন তাকে নির্যাতন করেন। এমনকি ডোনাল্ড ট্রাম্পের দ্বারাও তিনি যৌন নিপীড়নের শিকার হন। তবে এই অভিযোগের পক্ষে কোনো অকাট্য প্রমাণ পাওয়া যায়নি। হোয়াইট হাউসের দাবি, প্রমাণ না থাকায় তারা আইনি পদক্ষেপ নেয়নি।

এদিকে ওই মামলার নথিপত্র ধামাচাপা দেওয়ার অভিযোগ রয়েছে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ আগে ছিলেন ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী। তিনি মামলার নথিপত্র লুকিয়ে রেখেছেন বলে অভিযোগ করেছেন অনেকে। তাদের দাবি, বিচার বিভাগের উচিত ছিল প্রমাণগুলো নিয়ে তদন্ত করা। কিন্তু প্রশাসন প্রায় ২৫ লাখ গুরুত্বপূর্ণ নথি লুকিয়ে রেখেছে। তবে হোয়াইট হাউসের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, কোনো রাজনৈতিক সংবেদনশীলতা বা সম্মানহানির ভয়ে নথিপত্র আটকে রাখা দণ্ডনীয়। তবুও বিচার বিভাগ ভুক্তভোগীর হাতে লেখা নোটগুলো প্রকাশ করেনি। ২০১৯ সালের পর এফবিআই এই মামলার কোনো তদন্তও করেনি। এক পর্যায়ে ওই নারীও অভিযোগ করা বন্ধ করে দেন। তার ধারণা হয়েছিল, অজ্ঞাত কেউ তার ওপর সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে।

আরও পড়ুন

×