ট্রাম্পের উদ্যোগ নাকচ, জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বহাল রাখল সুপ্রিম কোর্ট
ছবি: সংগৃহীত
বিবিসি
প্রকাশ: ০১ জুলাই ২০২৬ | ১১:৫৬
যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুদের জন্মসূত্রে নাগরিকত্বের সাংবিধানিক অধিকার বহাল রেখেছে দেশটির সুপ্রিম কোর্ট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগ নাকচ করে ৬-৩ ভোটের রায় দেন আদালতের বিচারপতিরা।
প্রধান বিচারপতি জন রবার্টস সংখ্যাগরিষ্ঠ মতামতে বলেন, যুক্তরাষ্ট্রে 'অবৈধভাবে বা অস্থায়ীভাবে অবস্থানকারী' বাবা-মায়ের ঘরে জন্ম নেওয়া শিশুরাও সংবিধানের ১৪তম সংশোধনী অনুযায়ী জন্মের সঙ্গে সঙ্গেই মার্কিন নাগরিক।
ক্ষমতায় ফিরে ট্রাম্প এক নির্বাহী আদেশের মাধ্যমে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার উদ্যোগ নিয়েছিলেন। তার প্রশাসনের যুক্তি ছিল, অবৈধ অভিবাসী ও অস্থায়ী ভিসাধারীদের সন্তানরা সংবিধানের ১৪তম সংশোধনীতে উল্লেখিত 'যুক্তরাষ্ট্রের এখতিয়ারের অধীন' পড়ে না। তাই তারা জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার যোগ্য নয়। তবে সুপ্রিম কোর্ট সেই যুক্তি প্রত্যাখ্যান করে জানিয়েছে, ট্রাম্পের নির্বাহী আদেশ সংবিধানের ১৪তম সংশোধনীর পরিপন্থী। বিচারপতি ব্রেট কাভানাও পৃথক মতামতে বলেন, আদেশটি ফেডারেল আইনও লঙ্ঘন করে।
এই রায়কে ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে নাগরিক অধিকার সংগঠনগুলো আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। রায়ের প্রতিক্রিয়ায় ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, আদালতের সিদ্ধান্তটি 'খুবই দুর্ভাগ্যজনক'। তিনি জানান, জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আইন প্রণয়নের মাধ্যমে লড়াই চালিয়ে যাবেন।
ট্রাম্প লেখেন, 'দীর্ঘ ও জটিল সাংবিধানিক সংশোধনের প্রয়োজন নেই। কংগ্রেসের উচিত আজই ব্যয়বহুল ও দেশের জন্য অন্যায্য জন্মসূত্রে নাগরিকত্বের অবসানে কাজ শুরু করা।'
যুক্তরাষ্ট্রে ১৮৬৮ সাল থেকে দেশটিতে জন্ম নেওয়া সবাই নাগরিকত্ব পেয়ে আসছেন। গৃহযুদ্ধের পর সদ্য মুক্তিপ্রাপ্ত দাসদের অধিকার নিশ্চিত করতে সংবিধানের ১৪তম সংশোধনীতে এ বিধান যুক্ত করা হয়। পরে সুপ্রিম কোর্টের একাধিক রায়ে এ নীতির সাংবিধানিক ভিত্তি আরও শক্তিশালী হয়।
তবে আদালতের নয় বিচারপতির মধ্যে তিনজন ভিন্নমত পোষণ করেন। বিচারপতি ক্লারেন্স থমাস, নিল গরসাচ ও স্যামুয়েল আলিটো রায়ের বিরোধিতা করেন।
গত এপ্রিলে এ মামলার মৌখিক শুনানিতে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প, যা ছিল যুক্তরাষ্ট্রের কোনো দায়িত্ব পালনরত প্রেসিডেন্টের সুপ্রিম কোর্টে বিরল উপস্থিতির একটি ঘটনা।
রায়ের সমালোচনা করে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলার বলেন, এটি সুপ্রিম কোর্টের ইতিহাসে 'সবচেয়ে ধ্বংসাত্মক ও নিন্দনীয়' সিদ্ধান্তগুলোর একটি। তার ভাষায়, 'মার্কিন নাগরিকত্ব পুরো বিশ্বের জন্মগত অধিকার নয়।' অন্যদিকে ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিজ বলেন, সংবিধান অনুসরণ করে সুপ্রিম কোর্ট আবারও নিশ্চিত করেছে যে, যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া প্রত্যেক ব্যক্তি মার্কিন নাগরিক।
- বিষয় :
- যুক্তরাষ্ট্র
- নাগরিকত্ব
- ডোনাল্ড ট্রাম্প
