ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

মেক্সিকোর জয় উদযাপনের সময় দম বন্ধ হয়ে ৩ জনের মৃত্যু

মেক্সিকোর জয় উদযাপনের সময় দম বন্ধ হয়ে ৩ জনের মৃত্যু
×

গোল উদযাপনের সময় মেক্সিকোর সমর্থকদের একাংশ। স্থানীয় সময় মঙ্গলবার জালিস্কোতে। ছবি: এএফপি

বিবিসি

প্রকাশ: ০১ জুলাই ২০২৬ | ১৯:৪৪

বিশ্বকাপের নকআউট পর্বে মেক্সিকোর জয় উদযাপনের সময় দেশটির রাজধানী মেক্সিকো সিটিতে শ্বাসরোধ বা দম বন্ধ হয়ে তিনজন মারা গেছেন। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ বুধবার জানিয়েছে, নিহতদের মধ্যে একজন ১৯ বছর বয়সী তরুণী। অন্য দুজন ৪৮ বছর বয়সী এক নারী ও ৪৪ বছর বয়সী পুরুষ।

ইকুয়েডরকে ২-০ গোলে হারানোর পর রাজধানীর বিভিন্ন এলাকায় বিপুলসংখ্যক মানুষের সমাগম হলে এই ঘটনা ঘটে। সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৮৬ সালের পর প্রথমবারের মতো নকআউট পর্বের জয় উদযাপন করতে ১০ লাখেরও বেশি মানুষ মেক্সিকো সিটির রাস্তায় জড়ো হয়েছিলেন। তাদের বেশিরভাগই অবস্থান নিয়েছিলেন শহরের কেন্দ্রস্থল অ্যাঞ্জেল অব ইনডিপেনডেন্স স্মৃতিস্তম্ভের আশপাশে।

স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি সেবাকর্মীরা সড়কের আশপাশের তিনটি পৃথক স্থান থেকে অচেতন অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসরা তাদের মৃত ঘোষণা করেন। মেক্সিকো সিটির মেয়র ক্লারা ব্রুগাদা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। 

চিকিৎসকেরা জানিয়েছেন, ওই তিনজনই শ্বাসরোধে মারা গেছেন। তাদের স্বজনরা মরদেহ শনাক্ত করেছেন। উল্লেখ্য, মেক্সিকো সিটিতে দুই কোটির বেশি মানুষ বসবাস করে। এটি বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ নগরগুলোর একটি।

আরও পড়ুন

×