জন্মহার বাড়াতে বাড়তি ছুটি দেবে ফ্রান্স
ফাইল ছবি-সংগৃহীত
সমকাল ডেস্ক
প্রকাশ: ০২ জুলাই ২০২৬ | ১৫:৫৪
জন্মহার বাড়ানোর লক্ষ্যে গতকাল বুধবার থেকে মা ও বাবা দুজনের জন্য নতুন বাড়তি ছুটির ব্যবস্থা চালু করেছে ফ্রান্স। এ সময় বেতন পাবেন দুজনই।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন বলছে, এতদিন ফ্রান্সে প্রথম সন্তানের ক্ষেত্রে মায়েরা প্রায় চার মাসের বেতনসহ মাতৃত্বকালীন ছুটি পেতেন। অন্যদিকে, সন্তানের জন্মের পর বাবারা পেতেন ২৮ দিনের ছুটি। বুধবার থেকে কার্যকর হওয়া নতুন আইন অনুসারে বিদ্যমান ছুটির সঙ্গে মা ও বাবা নিজেদের মধ্যে বাড়তি এক বা দুই মাসের ছুটি ভাগ করে নিতে পারবেন। এই অতিরিক্ত ছুটির প্রথম মাসে তারা বেতনের ৭০ শতাংশ এবং দ্বিতীয় মাসে ৬০ শতাংশ পাবেন।
নতুন আইন ২০২৬ সালের ১ জানুয়ারি বা তার পরে জন্ম নেওয়া শিশুদের অভিভাবকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। শিশু দত্তক নেওয়া অভিভাবকরাও এ সুবিধা পাবেন।
শুধু ফ্রান্সে নয়, ইউরোপীয় ইউনিয়নজুড়েই জন্মহার কমছে। বিষয়টি মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সংশ্লিষ্টদের। এ কারণেই হয়তো অভিনব এ উদ্যোগ সামনে নিয়ে এলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। এবারই প্রথম নয়। এর আগে ২০২৪ সালেও জন্মহার বাড়ানোর পরিকল্পনা হাতে নেওয়ার কথা জানিয়েছিলেন তিনি। ফ্রান্সের নারীবাদী সংগঠনগুলো বলছে, এই সংস্কার যথেষ্ট নয় এবং এটি লিঙ্গসমতা বাড়াতে তেমন কার্যকর হবে না। তাদের মতে, তুলনামূলক কম উপার্জনকারী সঙ্গীর এই অতিরিক্ত ছুটি নেওয়ার সম্ভাবনাই বেশি। দেশটির বাস্তবতায় দেখা যায়, বেশির ভাগ ক্ষেত্রে নারীরা কম উপার্জন করেন।
