ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

আলি খামেনির শেষ বিদায় ঘিরে ইরানের হুঁশিয়ারি

আলি খামেনির শেষ বিদায় ঘিরে ইরানের হুঁশিয়ারি
×

আয়াতুল্লাহ আলি খামেনি। ফাইল ছবি-সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬ | ০৭:৪৩

সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায় অনুষ্ঠানকে সামনে রেখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যেকোনো ধরনের হামলা থেকে বিরত থাকার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদরদপ্তরের কমান্ডার আলি আবদোল্লাহি বলেন, ‘আমরা ইরানের শত্রুদের, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসনকে, যেকোনো ভুল হিসাব থেকে বিরত থাকার সতর্কবার্তা দিচ্ছি। আমাদের দেশের বিরুদ্ধে যেকোনো হুমকি বা আগ্রাসনের কঠোর জবাব দিতে সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে।’ যুদ্ধের প্রথম দিনে বিমান হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। ব্যাপক নিরাপত্তার মধ্যে দিয়ে তাঁর শেষ বিদায়ের শোকযাত্রা আগামীকাল শনিবার তেহরানে শুরু হবে। আগামী ৯ জুলাই বৃহস্পতিবার নিজ শহর মাশহাদে দাফনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শেষ হবে। 

চার মাস যেভাবে সংরক্ষণ করা হলো মরদেহ

খামেনির মৃত্যুর চার মাসেরও বেশি সময় পর ৯ জুলাই তাঁর দাফনের প্রস্তুতি নিচ্ছে তেহরান। দীর্ঘ এ সময় খামেনির মরদেহ কীভাবে সংরক্ষণ করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। জর্জ ওয়াশিংটন প্রোগ্রামের চরমপন্থা বিষয়ক ও সন্ত্রাসবাদবিরোধী বিশেষজ্ঞ ড. মোহাম্মদ ওমর ফক্স নিউজ ডিজিটালকে বলেন, মরদেহ রাসায়নিকভাবে সংরক্ষণ নয়, বরং শীতলীকরণ ব্যবস্থায় রাখা হয়েছে বলেই প্রায় নিশ্চিত। ইসলামে রাসায়নিক পদ্ধতিতে সংরক্ষণ নিষিদ্ধ। ভিন্ন পরিস্থিতিতে শিয়া আইনে দাফন বিলম্বিত করা ও শীতলীকরণের মাধ্যমে মরদেহ সংরক্ষণের অনুমতি রয়েছে। 

শেষ বিদায়ে কত কোটি মানুষ আসবে

খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে ব্যাপক জনসমাগমের আহ্বান জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। কর্মকর্তাদের ধারণা, শেষ বিদায় অনুষ্ঠানে এক কোটি ৫০ লাখ থেকে দুই কোটি মানুষের সমাগম হতে পারে। 

আরও পড়ুন

×