ইরানি আলোচকদের হত্যার পরিকল্পনা ছিল ইসরায়েলের: মার্কিন গণমাধ্যম
ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ (বাঁয়ে) ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি: এএফপি
আলজাজিরা
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬ | ১৯:৩৩
যুদ্ধের অবসানে যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চলছিল, তখন ইরানি আলোচকদের হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল। তাদের মূল লক্ষ্যবস্তু ছিলেন ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
এই দুজন তেহরানের আলোচক দলের নেতৃত্ব দেন। যুদ্ধবিরতির পর প্রথম দফার সংলাপে অংশ নিতে তারা পাকিস্তানের ইসলামাবাদে গিয়েছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য নিউইয়র্ক টাইমস ও দ্য ওয়াশিংটন পোস্ট ওই পরিকল্পনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
একজন মার্কিন কর্মকর্তা দ্য ওয়াশিংটন পোস্টকে বলেন, ‘এই মানুষগুলোকে হত্যার অর্থ; ইরানের সমঝোতা করতে ইচ্ছুক পক্ষটাকে শেষ করে দেওয়া।’ আরেক কর্মকর্তা নিউইয়র্ক টাইমসকে বলেন, ওই বিপদের বিষয়ে ইরানকে সতর্ক করার জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশকে অনুরোধ করা হয়েছিল।
হত্যার পরিকল্পনা কখন করা হয়েছিল- তা নিয়ে গণমাধ্যমগুলো বলেছে, এটি ছিল চলতি বছরের শুরুর দিকের ঘটনা।
আঞ্চলিক সংঘাত অবসানের আলোচনা নস্যাৎ করার উদ্দেশ্যে প্রতিপক্ষের আলোচকদের লক্ষ্য করে হামলার নজির আছে ইসরায়েলের। গত অক্টোবরে ইসরায়েলের সামরিক বাহিনী কাতারের দোহায় হামাসের একটি কম্পাউন্ড লক্ষ্য করে হামলা চালায়। যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনা করতে ওই সময় দোহায় গিয়েছিলেন হামাসের প্রতিনিধিরা।
- বিষয় :
- ইরান
- ইসরায়েল
- আব্বাস আরাগচি
