তেহরানে আয়াতুল্লাহ খামেনির প্রতি শেষশ্রদ্ধা আজ
ইরানের রাজধানী তেহরানে রোববার আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত হয়। ছবি: রয়টার্স
আল জাজিরা
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ | ১০:১৪ | আপডেট: ০৬ জুলাই ২০২৬ | ১০:১৫
ইরানের রাজধানী তেহরানের ঐতিহাসিক আজাদি স্কয়ারে আজ সোমবার দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহবাহী কফিন নেওয়া হবে। সেখানে সর্বসাধারণের শেষ শ্রদ্ধা জানানোর জন্য লাখো মানুষের সমাগম হবে বলে জানিয়েছে আল-জাজিরা।
এর আগে রোববার তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে লাখো শোকার্ত মানুষ অংশ নেন। জানাজা শেষে কফিনটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করে আজাদি স্কয়ারে নেওয়ার কর্মসূচি নির্ধারণ করা হয়েছে।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, আজ ইমাম হোসেন স্কয়ার থেকে আজাদি স্কয়ার পর্যন্ত কয়েক মাইল দীর্ঘ শোকমিছিলে লাখো মানুষের অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের অন্যতম প্রতীক হিসেবে পরিচিত আজাদি স্কয়ারেই সাধারণ মানুষের শেষ শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়েছে।
তেহরানের শোকানুষ্ঠান শেষে মঙ্গলবার আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ শিয়াদের অন্যতম পবিত্র নগরী কোমে নেওয়া হবে। এরপর বুধবার প্রতিবেশী ইরাকের নাজাফ ও কারবালা শহরে শোকযাত্রা এবং জানাজার আয়োজন করা হবে, যেখানে অসংখ্য মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন।
পরে মরদেহ ইরানের উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদে নেওয়া হবে। তার জন্মস্থান মাশহাদেই আগামী বৃহস্পতিবার রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করার কথা রয়েছে।
আল–জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, ইরানের বর্তমান নেতৃত্বের কাছে এসব রাষ্ট্রীয় শোকানুষ্ঠান শুধু শোক প্রকাশের আনুষ্ঠানিকতা নয়; বরং প্রায় চার দশক দেশ পরিচালনা করা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পরও রাষ্ট্রীয় কাঠামো ও নেতৃত্বের ধারাবাহিকতা অটুট রয়েছে-এ বার্তা দেশ-বিদেশে তুলে ধরারও একটি প্রচেষ্টা। একই সঙ্গে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া স্বাভাবিকভাবে এগিয়ে চলছে বলেও দেখাতে চাইছে তেহরান।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রথম দিন আয়াতুল্লাহ আলী খামেনি (৮৬) এবং তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হন। যুদ্ধ পরিস্থিতির কারণে চার মাসের বেশি সময় পর রাষ্ট্রীয়ভাবে তাদের দাফনের আয়োজন করা হচ্ছে। গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে শোকানুষ্ঠান শুরু হয়েছে। জানাজা ও দাফন কর্মসূচি উপলক্ষে রোববার ও সোমবার ইরানে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
- বিষয় :
- ইরান
- তেহরান
- আয়াতুল্লাহ আলী খামেনি
