ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

স্ত্রীর রাগ ভাঙাতে গিয়ে শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

স্ত্রীর রাগ ভাঙাতে গিয়ে শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ
×

আগুন লাগিয়ে দেওয়ার পুরো ঘটনা সিসি ক্যামেরায় ধরা পড়ে। ছবি: এনডিটিভি

এনডিটিভি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ | ১০:৪৬ | আপডেট: ০৬ জুলাই ২০২৬ | ১০:৫৬

ভারতের পাঞ্জাব রাজ্যের তারন তারান জেলায় অভিমান করে বাবার বাড়িতে থাকা স্ত্রীকে ফিরিয়ে আনতে গিয়ে শ্যালকের আগুনে দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি। তাকে বাঁচাতে গিয়ে গুরুতর দগ্ধ হওয়া আরেক নারীও পরে হাসপাতালে মারা গেছেন।

নিহতরা হলেন লাভপ্রীত সিং এবং গুরজিৎ কৌর।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৩ জুন পারিবারিক বিরোধের জেরে বাবার বাড়িতে চলে যাওয়া স্ত্রী সন্দীপ কৌরকে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়িতে যান লাভপ্রীত সিং। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে তার শ্যালক সাজান সিং অভিযোগ অনুযায়ী লাভপ্রীতের শরীরে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেন।

এ সময় লাভপ্রীতকে বাঁচাতে এগিয়ে আসেন সাজান সিংয়ের ভাবি গুরজিৎ কৌর। তবে আগুনে তিনিও মারাত্মকভাবে দগ্ধ হন। দুজনকে হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

ঘটনায় অভিযুক্ত সাজান সিংও সামান্য দগ্ধ হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে ঘটনাটির একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি হঠাৎ আরেকজনের শরীরে আগুন ধরিয়ে দিলে ভুক্তভোগী আগুন নেভানোর চেষ্টা করতে করতে দৌড়াতে থাকেন। তাকে বাঁচাতে গিয়ে গুরজিৎ কৌরও আগুনে দগ্ধ হন। পরে আরও একজনকে তাদের সহায়তার চেষ্টা করতে দেখা যায়।

ঘটনার পর স্থানীয় পুলিশ সাজান সিংয়ের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।
 

আরও পড়ুন

×