ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

জরিপের ফলাফল

গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে ইসরায়েল, আশঙ্কা ইসরায়েলিদের

গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে ইসরায়েল, আশঙ্কা ইসরায়েলিদের
×

ছবি : সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬ | ০৫:০২

ইসরায়েলের অভ্যন্তরে বিভেদ বাড়ছে। অন্তত ৬০ শতাংশ ইসরায়েলি আশঙ্কা করছেন, তাদের দেশ গৃহযুদ্ধে জড়িয়ে পড়তে পারে। তাদের মতে, এমনটি হওয়ার ‘নিরেট ও বাস্তব’ ঝুঁকি রয়েছে। জিউয়িশ পিপল পলিসি ইনস্টিটিউটের এক জরিপে উঠে এসেছে তথ্যগুলো।

জরিপে দেখা গেছে, ৭৯ শতাংশ ইসরায়েলি মনে করেন গত বছর সামাজিকভাবে ‘খারাপ’ বছর ছিল। অন্যদিকে ৪৯ শতাংশ ইসরায়েলি জানিয়েছেন তারা ভবিষ্যৎ সম্পর্কে নেতিবাচক মনোভাব পোষণ করছেন।

এ ছাড়াও জরিপের তথ্য বলছে, ৫২ শতাংশ ইসরায়েলি মনে করছেন প্রধানমন্ত্রী বা জ্যেষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্বকে লক্ষ্য করে হত্যা চেষ্টা চালানোর ‘উচ্চ সম্ভাবনা’ রয়েছে। ইসরায়েল ন্যাশনাল নিউজে থিংক ট্যাংকটির প্রেসিডেন্ট ইয়েদিদা স্টার্ন বলেন, ‘ইসরায়েলি সমাজ অসাধারণ ইতিবাচকতা ও দৃঢ়তা দেখিয়ে যাচ্ছে, তারপরও এটি ব্যাপকভাবে ভঙ্গুর ও বিভক্ত।’

তিনি আরও বলেন, ‘জনসাধারণ অভ্যন্তরীণ বিভক্তিকে নিজেদের মূল শত্রু বলে মনে করছে এবং আমাদের এই মুহূর্তে জরুরি ভিত্তিতে সংহতি ও ভরসাকে ঠিক করার মতো দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রয়োজন।’

ইসরায়েলের অভ্যন্তরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে টানাপোড়েন রয়েছে। গাজার যুদ্ধ শুরু হওয়ার আগে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলছিল ইসরায়েলে। যুদ্ধের পর সেসব অনেকটাই স্তিমিত হয়ে যায়। সে সময় অনেক বিশ্লেষক মন্তব্য করেছিলেন, গাজার যুদ্ধ নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ারের আয়ু বৃদ্ধি করেছে।

আরও পড়ুন

×