ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

জোরপূর্বক বাংলাদেশে পাঠানো সেই চারজনকে ফেরত নিল ভারত

জোরপূর্বক বাংলাদেশে পাঠানো সেই চারজনকে ফেরত নিল ভারত
×

চারজনকে ফেরত নেয় ভারত। বুধবার পশ্চিমবঙ্গের মালদা জেলার সীমান্তে। ছবি: ভিডিও থেকে নেওয়া

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ | ১৪:৩৮ | আপডেট: ০৯ জুলাই ২০২৬ | ১৪:৩৯

বাংলাদেশি অভিবাসী সন্দেহে সীমান্তে পুশইন করা চারজনকে ফেরত নিয়েছে ভারত। তারা সবাই ভারতীয় নাগরিক। এক বছর আগে আসাম সীমান্ত দিয়ে জোরপূর্বক তাদের বাংলাদেশে পাঠানো হয়েছিল।

ভারতীয় সুপ্রিম কোর্টের নির্দেশে বুধবার পশ্চিমবঙ্গের মালদা জেলার সীমান্ত দিয়ে ওই চারজনকে ফেরত নেওয়া হয়। গত বছরের জুনে বাংলাদেশে পাঠানোর পর থেকে তারা জেলে ছিলেন। ভুক্তভোগীরা হলেন- বীরভূমের দানেশ শেখ, সুইটি বিবি ও তাঁর দুই শিশু সন্তান।

দিল্লিতে ফেরির কাজ করতে গিয়ে গত বছরের ২২ জুন পুলিশের হাতে গ্রেপ্তার হন বীরভূম জেলার পাঁচজন। বাংলাভাষী হওয়ায় বাংলাদেশের নাগরিক সন্দেহে তাদের আটক করেছিল পুলিশ। এরপর দিল্লি থেকে আসাম সীমান্তে নিয়ে পুশইন করা হয়। বিষয়টি জানতে পেরে ভুক্তভোগীদের স্বজনরা আদালতের দ্বারস্থ হন। এরপর মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। 

আদালতের নির্দেশে গত বছরের ডিসেম্বর মাসে ওই পাঁচজনের একজন সোনালী বিবি নিজের দেশে ফেরার সুযোগ পান। তখন তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। কিন্তু বাকি চারজন জেলে থাকেন। তাদেরকে বুধবার ফেরত নেওয়া হয়েছে। সুইটি বিবি বলেন, ‘দেশে ফিরে ভালো লাগছে। অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। গ্রামেই থাকব, আর বাইরে কাজ করতে যাব না।’

জানা গেছে, পাঁচজনকে পুশইন করার পর তাদের বাংলাদেশ সীমান্তে গ্রেপ্তার করেছিল চাঁপাইনবাবগঞ্জ পুলিশ। অন্তঃসত্ত্বা নারী ও কেবল বাংলাভাষী হওয়ায় পুশইনের সেই ঘটনা ভারতে বেশ সমালোচনার জন্ম দিয়েছিল।

আরও পড়ুন

×