নিজেকে বিশ্বের সবচেয়ে বড় ইহুদিবাদী দাবি আর্জেন্টিনার প্রেসিডেন্টের
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই
সমকাল ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ | ১৬:৪৬
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ইসরায়েল ও ইহুদি জনগণের প্রতি তাঁর কট্টর সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। এ সময় তিনি নিজেকে ‘বিশ্বের সবচেয়ে বড় জায়নবাদী (ইহুদিবাদী) রাষ্ট্রপ্রধান’ হিসেবে ঘোষণা করেছেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক ইয়েশিভা ইউনিভার্সিটিতে দেওয়া এক ভাষণে তিনি এ মন্তব্য করেন।
সোমবার বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় মিলেই তাঁর কট্টর ইসরায়েলপন্থি পররাষ্ট্রনীতির সমালোচনা করা রাজনৈতিক তাত্ত্বিকদের তীব্র সমালোচনা করেন।
কট্টর উদারতাবাদী (লিবার্টারিয়ান) তাত্ত্বিক হান্স-হারম্যান হোপের সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, আমি ইসরায়েলের একজন শক্তিশালী সমর্থক হওয়ায় হোপে বিরক্ত। এর পরই উপস্থিত দর্শকদের করতালির মধ্যে তিনি নিজেকে গর্বিত জায়নবাদী দাবি করেন।
রাজনৈতিক সমর্থনের বাইরেও মিলেই তাঁর বক্তৃতায় নিজের দার্শনিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি দাবি করেন, পশ্চিমা সভ্যতার মূল তিনটি ভিত্তি– জীবন, স্বাধীনতা এবং ব্যক্তিগত সম্পত্তি–আসলে তাওরাত (তোরাহ) এবং বাইবেলের ‘১০টি আদেশের’ (টেন কমান্ডমেন্টস) ওপর প্রতিষ্ঠিত।
নিজে একজন ‘অ্যানার্কো-ক্যাপিটালিস্ট’ (নৈরাজ্যবাদী-পুঁজিবাদী) হিসেবে পরিচিত হাভিয়ের মিলেই দীর্ঘদিন ধরেই ইহুদি ধর্মের প্রতি গভীর ব্যক্তিগত আগ্রহ দেখিয়ে আসছেন এবং নিয়মিত বিভিন্ন ইহুদি ধর্মযাজকের পরামর্শ নিয়ে থাকেন। খবর সিএনএনের।
- বিষয় :
- আর্জেন্টিনা
- ইসরায়েল
- ইহুদি মন্দির