‘বেঁচে যাওয়া সময়ে মিসরকে ডাকাতি করে হারানোর রিপ্লে দেখব’
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। ছবি: এএফপি
আনাদোলু এজেন্সি
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ | ১৮:৪৮ | আপডেট: ০৯ জুলাই ২০২৬ | ১৯:৩১
আর্জেন্টিনার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া মিসরের প্রতি সমর্থন জানিয়েছেন নিউইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি। বিতর্কের ঝড় তোলা বিশ্বকাপের শেষ ষোলোর ওই ম্যাচ নিয়ে তিনি বলেছেন, দলটিকে ‘ডাকাতি করে হারানো’ হয়েছে।
গত মঙ্গলবারের ম্যাচটিতে বিতর্কের শুরু হয় রেফারির সিদ্ধান্তকে ঘিরে। যা নিয়ে পরে মিশরের কোচ ও বেশ কয়েকজন খেলোয়াড় তীব্র সমালোচনা করেছেন। এমনকি আর্জেন্টিনার পক্ষ নিয়ে কারচুপি করা হয়েছে বলেও অভিযোগ তোলেন।
ক্রীড়াপ্রেমী হিসেবে পরিচিত মামদানি নিউইয়র্কের স্থানীয় সময় বুধবার ম্যাচটি নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানান। এক অনুষ্ঠানে শহরে চলাচল করা বাসের মান উন্নয়ন নিয়ে কথা বলতে গিয়ে তিনি মিসর ম্যাচের প্রসঙ্গ সামনে আনেন।
মামদানি বলেন, যাতায়াতের সময় বাঁচানোর জন্য বাসের মান উন্নত করা হবে। গন্তব্যে যেতে সময় কম লাগবে, বাসিন্দারা পরিবারকে আরও বেশি সময় দিতে পারবেন। বন্ধুদের সঙ্গে আড্ডায় একমত হতে পারবেন যে, মিসরকে আসলেই ডাকাতি করে হারানো হয়েছে।
দ্রুতগতির বাসের কল্যাণে প্রতিদিন যে সময় বাঁচবে, তা দিয়ে আপনি কি করবেন? এমন প্রশ্নের জবাব দেওয়ার সময় বিতর্কিত রেফারিং নিয়ে কটাক্ষ করেন নিউইয়র্ক সিটির মেয়র। তিনি বলেন, ‘আমার বেঁচে যাওয়া সময়ে মিসরকে কীভাবে ডাকাতি করে হারানো হলো, সেই রিপ্লে বারবার দেখব।’
- বিষয় :
- জোহরান মামদানি
- মিসর
- আর্জেন্টিনা
- বিশ্বকাপ ফুটবল