ন্যাটো নেতাদের ব্যতিক্রমী উপহার, রিভলভার দিল তুরস্ক
উপহার হিসেবে দেওয়া রিভলভার ও বুলেট। ছবি: লিথুয়ানিয়ার প্রেসিডেন্টের কার্যালয়
রয়টার্স
প্রকাশ: ১০ জুলাই ২০২৬ | ১১:০১
আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলন শেষে অংশগ্রহণকারী রাষ্ট্র ও সরকারপ্রধানদের ব্যতিক্রমী একটি উপহার দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বিদায় উপহার হিসেবে প্রত্যেক নেতার হাতে তুলে দেওয়া হয়েছে একটি ভিনটেজ রিভলভার, সঙ্গে ছিল জীবন্ত গুলিও। ফলে উপহারটি কেবল প্রদর্শনীর জন্য নয়, কার্যকর অস্ত্র হিসেবেও ব্যবহারযোগ্য।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, উপহারটি দিয়ে তুরস্কের ক্রমবর্ধমান প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা তুলে ধরতে চেয়েছেন এরদোয়ান।
লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিতানাস নাউসেদার কার্যালয় প্রকাশিত ছবিতে দেখা যায়, নেতাদের দেওয়া রিভলভারটি তুরস্কের রাষ্ট্রীয় অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান এমকেই ১৯৯০-এর দশকে তৈরি করা বিরল 'গুমুসাই .৩৫৭ ম্যাগনাম' মডেলের। কাঠের একটি বিশেষ বাক্সে রাখা রিভলভারের সঙ্গে তুরস্কের জাতীয় পতাকা ও ন্যাটোর লোগো সংযুক্ত ছিল। বাক্সে তুর্কি ও ইংরেজি ভাষায় লেখা ছিল-'আমাদের দেশে উৎপাদিত প্রথম রিভলভার ধরনের হ্যান্ডগান'।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের মুখপাত্র জানিয়েছেন, সব নেতাকেই একই ধরনের রিভলভার দেওয়া হয়েছে। প্রতিটির ব্যারেলে সংশ্লিষ্ট নেতার নাম খোদাই করা ছিল।
উপহার পাওয়া নেতাদের অনেকেই নিরাপত্তার কারণে রিভলভারগুলো নিজ নিজ দেশের কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছেন। বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার দেশে ফিরে অস্ত্রটি ব্রাসেলস বিমানবন্দর পুলিশের কাছে নিরাপদে সংরক্ষণের জন্য হস্তান্তর করেন।
পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারল নাভরোৎস্কির একজন সহকারী জানান, তাঁদের রিভলভারটি ওয়ারশ বিমানবন্দরে শুল্ক প্রক্রিয়া শেষ হওয়ার অপেক্ষায় রয়েছে। পরে সেটি নিরাপদ স্থানে সংরক্ষণ করা হবে। তিনি বলেন, ‘নিশ্চয়ই এটি দিয়ে কেউ গুলি চালাবে না।’
নেদারল্যান্ডস ও সুইডেনের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, তাদের উপহার হিসেবে পাওয়া রিভলভার আঙ্কারায় নিজ নিজ দূতাবাসে রাখা হয়েছে। নেদারল্যান্ডসের রিভলভারটি অকার্যকর করে রাখা হবে, আর সুইডেনেরটি আমদানি-সংক্রান্ত আনুষ্ঠানিকতা শেষ হওয়ার অপেক্ষায় রয়েছে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের উপহারের সঙ্গে একটি অস্ত্র পরিষ্কার করার কিট এবং ৫০০টি গুলিও দেওয়া হয়েছে বলে ডাউনিং স্ট্রিটের একটি সূত্র জানিয়েছে।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির রিভলভারটি সরকারি ভবন পালাজ্জো কিজিতে অন্যান্য রাষ্ট্রীয় উপহারের সঙ্গে সংরক্ষণ করা হয়েছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন তার পাওয়া রিভলভারটি একটি সামরিক জাদুঘরে দান করার পরিকল্পনা করেছেন। অন্যদিকে গ্রিসের প্রধানমন্ত্রী সেটি এথেন্সের যুদ্ধ জাদুঘরে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি রসিকতা করে বলেন, ‘আমার দেওয়া ম্যাপল সিরাপের উপহারটি তুরস্কের উপহারের তুলনায় একেবারেই ছোট হয়ে গেছে।’ তিনি জানান, তিনি নিজে রিভলভারটি দেখেননি। তার ভাষায়, ‘কানাডীয়দের আশ্বস্ত করতে চাই-আমার কাছ থেকে অস্ত্র দূরেই রাখা হয়।’ তিনি আরও বলেন, রিভলভারটি অকার্যকর করা হয়েছে এবং সেটি জাতীয় যুদ্ধ জাদুঘরে রাখা হতে পারে।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমানে তুরস্কের অস্ত্রশিল্প মূলত আধুনিক সেমি-অটোমেটিক পিস্তল তৈরির দিকে ঝুঁকেছে। ফলে ‘গুমুসাই’ রিভলভার এখন সংগ্রাহকদের কাছে বিরল একটি অস্ত্র হিসেবে বিবেচিত হয়। জেনেভাভিত্তিক স্মল আর্মস সার্ভে-এর তথ্য অনুযায়ী, ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে প্রায় ৩০০ কোটি মার্কিন ডলারের ক্ষুদ্রাস্ত্র রপ্তানি করে যুক্তরাষ্ট্র ও ইতালির পর বিশ্বের তৃতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে তুরস্ক।