গাজা যুদ্ধে লেবার পার্টির ভূমিকার জন্য ক্ষমা চাইলেন বার্নহাম
যুক্তরাজ্যের সম্ভাব্য প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। ফাইল ছবি: এএফপি
আলজাজিরা
প্রকাশ: ১০ জুলাই ২০২৬ | ১৭:৪০
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতি লেবার পার্টির প্রতিক্রিয়া ও ভূমিকার জন্য ক্ষমা চেয়েছেন অ্যান্ডি বার্নহাম। তাঁকে যুক্তরাজ্যের সম্ভাব্য প্রধানমন্ত্রী ও লেবার পার্টির দলনেতা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে বার্নহাম বলেছেন, অনেকেই মনে করেন গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর দিকে লেবার পার্টি সঠিক ভূমিকা নিতে পারেনি। এর জন্য তিনি দুঃখিত। লেবারের প্রতিক্রিয়া অনেক ক্ষেত্রে যথেষ্ট ভালো ছিল না।
রক্তক্ষয়ী হামলার শুরুর দিকে লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার একটি রেডিও সাক্ষাৎকারে বলেছিলেন, গাজার ফিলিস্তিনিদের পানি, খাবার ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার অধিকার ইসরায়েলের আছে।
সাক্ষাৎকারে অ্যান্ডি বার্নহাম বলেন, গাজায় ইসরায়েল যে যুদ্ধাপরাধ করেছে সেটির প্রমাণ ক্রমশ বাড়ছে। তবে তিনি ‘গণহত্যা’ শব্দটি ব্যবহার করা এড়িয়ে যান। বলেন, ‘এটি রাজনীতিবিদদের পরিবর্তে আন্তর্জাতিক আদালতের নির্ধারণ করা উচিত।’
কয়েক মাস আগেও অ্যান্ডি বার্নহাম গ্রেটার ম্যানচেস্টারের মেয়র ছিলেন। এই দায়িত্ব ছেড়ে গত মাসে তিনি মেকারফিল্ড আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি বড় ব্যবধানের জেতার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতার পদ ছাড়ার ঘোষণা দেন কিয়ার স্টারমার। যা বার্নহামের প্রধানমন্ত্রী হওয়ার পথ অনেকটাই মসৃণ করেছে।
- বিষয় :
- গাজা গণহত্যা
- ইসরায়েল
- লেবার পার্টি
- যুক্তরাজ্য