ভিয়েতনামে নৌকাডুবিতে প্রাণ গেল ১৫ ভারতীয় পর্যটকের
ছবি: এনডিটিভি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ জুলাই ২০২৬ | ১৭:৪৮
ভিয়েতনামের ফু কুয়ক দ্বীপের কাছে পর্যটকবাহী একটি নৌকা ডুবে অন্তত ১৫ জন ভারতীয় পর্যটক নিহত হয়েছেন। শনিবার স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চলছে। এ ঘটনায় ভিয়েতনামে অবস্থিত ভারতীয় দূতাবাস ও কনস্যুলেট জরুরি নিয়ন্ত্রণকক্ষ (কন্ট্রোল রুম) চালু করেছে।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নৌকাটিতে মোট ৩৬ জন ছিলেন। তাদের মধ্যে ৩২ জন ভারতীয় পর্যটক, তিনজন নৌকার কর্মী এবং একজন সহকারী ছিলেন।
দুর্ঘটনায় ২১ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হোন মাই রুত ন্গোয়াই দ্বীপ থেকে আন থোই বন্দরের উদ্দেশে রওনা হওয়ার কিছুক্ষণ পরই বৈরী আবহাওয়া, উত্তাল সমুদ্র ও প্রবল বাতাসের মধ্যে নৌকাটি উল্টে যায়। এতে নৌকায় থাকা সবাই পানিতে পড়ে যান।
ভারতের দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় জানায়, ফু কুয়ক দ্বীপের কাছে ভারতীয় পর্যটকদের বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে এবং দুর্ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
সূত্র: এনডিটিভি
- বিষয় :
- ভিয়েতনাম
- নৌকাডুবি
- ভারতীয় নাগরিক
- মৃত্যু