পশ্চিম তীরে মার্কিন আইনপ্রণেতাকে আটক করে সশস্ত্র ইসরায়েলিরা
যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক আইনপ্রণেতা রো খান্না
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৬ | ০০:২৩ | আপডেট: ১২ জুলাই ২০২৬ | ০০:২৩
যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক আইনপ্রণেতা রো খান্না দাবি করেছেন, পশ্চিম তীর সফরের সময় ইসরায়েলি বসতি স্থাপনকারীরা তাঁকে ও তাঁর সফরসঙ্গীদের এক ঘণ্টার বেশি সময় আটকে রেখেছিল। পরে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হস্তক্ষেপে তাঁরা সেখান থেকে বের হতে সক্ষম হন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি বিবেচনা করছেন বলে জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার এই ডেমোক্র্যাট কংগ্রেসম্যান। তিনি বলেন, পশ্চিম তীর সফরের উদ্দেশ্য ছিল ইসরায়েলি দখলদারত্বের কারণে সৃষ্ট মানবিক পরিস্থিতি সরাসরি দেখা।
খান্না জানান, তাঁরা এমন একটি ফিলিস্তিনি গ্রাম পরিদর্শন করছিলেন, যেখানে বসতি স্থাপনকারীরা একটি স্কুলসহ বিভিন্ন স্থাপনা ধ্বংস করে দিয়েছে। এ সময় এম৪ রাইফেলধারী একদল বসতি স্থাপনকারী এসে তাঁদের পথরোধ করে। তাঁর অভিযোগ, পরে ইসরায়েলি সামরিক বাহিনী ঘটনাস্থলে এলেও শুরুতে বসতি স্থাপনকারীদের পক্ষেই অবস্থান নেয়।
খান্নার সহযোগী ক্যামেরন কাস্কি বলেন, তাঁদের এক ঘণ্টারও বেশি সময় আটকে রাখা হয়েছিল। এ সময় তাঁরা জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাসের সহায়তা চান। পরে পুলিশ বলে মনে হওয়া একদল কর্মকর্তা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
তবে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, খিরবেত জানুতা এলাকার কাছে বসতি স্থাপনকারীদের মাধ্যমে যানবাহন আটকে রাখার খবর পেয়ে সেনা ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। সেখানে পৌঁছে তাঁরা ইসরায়েলি বেসামরিক নাগরিকদের সরিয়ে দিয়ে যানবাহনগুলোকে গন্তব্যে যাওয়ার সুযোগ করে দেন।
এ ঘটনায় ইসরায়েলি পুলিশ ও জেরুজালেমে মার্কিন দূতাবাসের কাছে মন্তব্য চাওয়া হলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে খান্না বলেন, বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। পশ্চিম তীর সফরের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগ্রহ আরও বেড়েছে।
তিনি আরও বলেন, তাঁর মতে, ডেমোক্র্যাটিক পার্টির শীর্ষ নেতৃত্ব ফিলিস্তিন, গাজা ও পশ্চিম তীরের পরিস্থিতিকে যথাযথভাবে উপলব্ধি করতে পারছে না। ফিলিস্তিনিদের মানবাধিকার এবং গাজা ও পশ্চিম তীরের পরিস্থিতি নিয়ে নীরব থাকাকে তিনি নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন।
অন্যদিকে, গাজায় গণহত্যা চালানো এবং পশ্চিম তীরে বর্ণবাদী শাসনব্যবস্থা কায়েমের অভিযোগ বরাবরের মতোই প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। দেশটির দাবি, পশ্চিম তীর একটি বিতর্কিত ভূখণ্ড এবং সেখানে ইহুদিদের ঐতিহাসিক উপস্থিতি রয়েছে।
এদিকে রয়টার্স/ইপসোসের সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ডেমোক্র্যাটদের মধ্যে ইসরায়েলের প্রতি ইতিবাচক মনোভাব ২০১৮ সালের ৫৯ শতাংশ থেকে কমে এ বছরের মে মাসে ২২ শতাংশে নেমে এসেছে। একই সময়ে কংগ্রেসের অনেক ডেমোক্র্যাট সদস্য ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্রের বার্ষিক ৩৮০ কোটি ডলারের সামরিক সহায়তা পুনর্বিবেচনার দাবি তুলেছেন।
- বিষয় :
- যুক্তরাষ্ট্র
- ইসরায়েল
- ফিলিস্তিন
- পশ্চিম তীর
- আটক