ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

খুচরা না থাকায় মন্ত্রীকে বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর

খুচরা না থাকায় মন্ত্রীকে বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর
×

ভারতের কর্ণাটকের পরিবহনমন্ত্রী বাইরাথি সুরেশ। ছবি: সংগৃহীত

টাইমস অব ইন্ডিয়া

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ | ১২:০৯

ভারতের কর্ণাটকের পরিবহনমন্ত্রী বাইরাথি সুরেশ সাধারণ যাত্রীদের ভোগান্তি সরেজমিনে দেখতে ছদ্মবেশে আকস্মিক পরিদর্শনে গিয়ে নিজেই একই ধরনের সমস্যার মুখোমুখি হয়েছেন। বাসভাড়া দেওয়ার সময় খুচরা টাকা না থাকায় এক কন্ডাক্টর তাকে বাস থেকে নেমে যেতে বলেন।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, শনিবার রাতে বেঙ্গালুরু মহানগর পরিবহন সংস্থার (বিএমটিসি) বাসসেবার মান যাচাই করতে মুখে মাস্ক পরে সাধারণ যাত্রীর বেশে একটি বাসে ওঠেন সুরেশ। হেব্বাল থেকে নাগাশেট্টিহাল্লি যাওয়ার জন্য তিনি দুটি টিকিট চান।

ভাড়া বাবদ কন্ডাক্টরের হাতে ১০০ রুপির একটি নোট দিলে কন্ডাক্টর তার কাছে খুচরা টাকা চান। সুরেশ জানান, তার কাছে খুচরা নেই। জবাবে কন্ডাক্টর বলেন, তার কাছেও পর্যাপ্ত খুচরা নেই। এরপর তিনি খুচরা দিতে না পারলে বাস থেকে নেমে যেতে বলেন।

মুখে মাস্ক থাকায় কন্ডাক্টর বুঝতে পারেননি যে, যাত্রীটি রাজ্যের পরিবহনমন্ত্রী। কোনো ধরনের তর্কে না জড়িয়ে সুরেশ বাস থেকে নেমে যান।

সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত ৯টা ১০ মিনিট পর্যন্ত তিনি জয়ামহল, টিভি টাওয়ার, আরটি নগর, সিবিআই রোড, হেব্বাল, মান্যতা টেক পার্ক, নাগাওয়ারা, হেন্নুর, হেন্নুর বান্দে, বাইরাথি বান্দে ও গেদ্দালাহাল্লি রুটে বাসে ভ্রমণ করেন। পাশাপাশি তিনি কিছু দূর অটোরিকশাতেও যাতায়াত করেন।

নাগাশেট্টিহাল্লি এলাকায় একটি অটোরিকশার মিটারে ভাড়া ৩০ রুপি দেখালেও চালক তার কাছে ৩৬ রুপি দাবি করেন। এ বিষয়ে জানতে চাইলে চালক জানান, মিটারের পুনঃসমন্বয় (রিক্যালিব্রেশন) করা হবে। পরে সুরেশ ৪০ রুপি পরিশোধ করে অটোরিকশা থেকে নেমে যান।

এই আকস্মিক পরিদর্শনের মাধ্যমে গণপরিবহনে সাধারণ যাত্রীরা প্রতিদিন যেসব বাস্তব সমস্যার মুখোমুখি হন, সেগুলো সরাসরি পর্যবেক্ষণের সুযোগ পান কর্ণাটকের পরিবহনমন্ত্রী।
 

আরও পড়ুন

×