ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ ধ্বংসের হুমকি ট্রাম্পের, কী আছে সেখানে

ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ ধ্বংসের হুমকি ট্রাম্পের, কী আছে সেখানে
×

ইরানের পিকঅ্যাক্স মাউন্টেন ধ্বংসের হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি/ ইলাস্ট্রেশন: সমকাল

রয়টার্স

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | ১৩:২৯ | আপডেট: ১৪ জুলাই ২০২৬ | ১৩:৩৯

যুক্তরাষ্ট্র ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ ধ্বংস করে দেবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি তেহরানকে সতর্ক করে বলেছেন, ওয়াশিংটন দেশটির ওপর সামনের দিনগুলোতে আরও জোরালো আঘাত হানবে।

আমেরিকান টেলিভিশন অনুষ্ঠান ‘দ্য হিউ হিউইট শো’-তে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার ট্রাম্প বলেন, ‘আমরা পিকঅ্যাক্স মাউন্টেন ধ্বংস করতে যাচ্ছি। ইরানিদের প্রস্তুত থাকতে বলুন।’

ট্রাম্প আরও বলেন, ‘আমরা (পিকঅ্যাক্স মাউন্টেন) গভীরভাবে পর্যবেক্ষণ করছি। সেখানে আমরা কোনো তৎপরতা দেখতে পাচ্ছি না। পারমাণবিক পরিস্থিতি নিয়ে তারা খুব একটা ভালো অবস্থানে নেই। আমরা যখনই এ বিষয়ে কিছু জানতে পারি, তখনই তা উড়িয়ে দিই। তাই তারা এ নিয়ে কথা বলতে পছন্দ করে না। তবে আমরা সম্ভবত খুব শিগগিরই পিকঅ্যাক্স-এ একটি বড় আঘাত হানব।’

‘পিকঅ্যাক্স মাউন্টেন’ মূলত একটি অত্যন্ত সুরক্ষিত সামরিক ঘাঁটি। এটি নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের কাছে অবস্থিত। এর ভেতরে মাটির গভীরে দুটি টানেল কমপ্লেক্স বা সুড়ঙ্গ আছে। যা যুক্তরাষ্ট্রের বাঙ্কার ব্লাস্টার বোমার নাগালের বাইরে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুই পক্ষের মধ্যে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর যুক্তরাষ্ট্র উপসাগরীয় এলাকায় ইরানি পণ্যবাহী জাহাজের ওপর ফের অবরোধ আরোপ করতে যাচ্ছে। নির্দিষ্ট ফি’র বিনিময়ে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা হবে।

‘হিউ হিউইট শো’-তে সোমবার ট্রাম্প বলেন, ‘আজ রাতে আমরা তাদের ওপর খুব শক্ত আঘাত হানতে যাচ্ছি এবং আগামীকালও তাদের ওপর তীব্র হামলা চালানো হবে। আর এটি ঠেকানোর মতো ক্ষমতা তাদের নেই।’

আরও পড়ুন

×