পার্লামেন্টে ‘হরমুজ বিল’ উত্থাপন করলেন ইরানের এমপিরা
হরমুজ প্রণালির সংযুক্ত আরব আমিরাত উপকূলের কাছে দুটি নৌযান। সোমবার খোর ফাক্কানে। ছবি: এএফপি
এএফপি
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | ১৪:০৩
ইরানের পার্লামেন্টে হরমুজ প্রণালি সংক্রান্ত একটি বিল উত্থাপন করেছেন এমপিরা। যেটিকে প্রণালির ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রথম পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান। তাঁর ভাষ্য, শিগগিরই পরের পদক্ষেপ নেওয়া হবে।
সরু জলপথটি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে সংঘাত শুরুর প্রেক্ষাপটে ইরান এই উদ্যোগ নিল। নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি মঙ্গলবার এক্সে দেওয়া পোস্টে লিখেছেন, গত রাতে মার্কিন ড্রোন ভূপাতিত করার সময়ই পার্লামেন্টে ‘হরমুজ প্রণালি এবং পারস্য উপসাগরের নিরাপত্তা ও টেকসই অগ্রগতির জন্য কৌশলগত পদক্ষেপ’ শীর্ষক বিলটি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করা হয়েছে।
আজিজি জানান, ‘রেড লাইন বা চূড়ান্ত সীমা রক্ষায় আমরা অনড় অবস্থানে আছি, বিশেষ করে হরমুজ প্রণালির ব্যবস্থাপনার ক্ষেত্রে।’ উল্লেখ্য, তেহরান নিজেদেরকে এই প্রণালির নিয়ন্ত্রক হিসেবে বিবেচনা করে। জলপথটি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর শুল্ক বা ফি আরোপও করতে চায়। তবে এ দাবি ওয়াশিংটন দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে।
সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র প্রণালিটির নিয়ন্ত্রণ নিচ্ছে এবং ইরানের বন্দরগুলোর ওপর ফের অবরোধ আরোপ করছে। একইসঙ্গে তিনি এই জলপথ দিয়ে বহন করা কার্গোর ওপর ২০ শতাংশ ফি নেওয়ার প্রস্তাব দিয়েছেন।
গত ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরুর পর ইরানের পার্লামেন্টের কার্যক্রম স্থগিত করা হয়েছিল। সোমবার থেকে পুনরায় অধিবেশন শুরু হয়েছে। স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন। তবে বেশ কয়েকজন এমপি ওয়াশিংটনের সঙ্গে যেকোনো ধরনের আলোচনার বিরোধীতা করেছেন।