ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

সৌদির কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

সৌদির কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
×

সৌদি আরবের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতে অস্ত্র বিক্রির প্যাকেজ অনুমোদন দিয়েছে ট্রাম্প প্রশাসন। ফাইল ছবি: রয়টার্স

এএফপি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬ | ১৬:৫৫

সৌদি আরবের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে প্রায় ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বুধবার এক বিবৃতিতে বলা হয়েছে, এই পদক্ষেপ ন্যাটোর বাইরে যুক্তরাষ্ট্রের অন্যতম সহযোগী দেশের নিরাপত্তা ব্যবস্থাকে উন্নত করবে।

বিবৃতিতে উপসাগরীয় অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতির কথাও উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি এবং জাতীয় নিরাপত্তার লক্ষ্যগুলো বাস্তবায়িত হবে।

সৌদি আরব ১৯৬ কোটি ডলারে যেসব অস্ত্র কিনছে সেগুলোর মধ্যে আছে, প্রায় ২০ হাজার ‘অ্যাডভান্সড প্রিসিশন কিল ওয়েপন সিস্টেমস’ ও সেগুলোর ওয়ারহেড। এসব অস্ত্র দিয়ে কোনো লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানা সম্ভব। পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, অস্ত্র সরবরাহের মূল ঠিকাদার হিসেবে কাজ করবে নিউ জার্সির ন্যাশুয়ার ‘বিএই সিস্টেমস’।

গত সোমবার সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর আবহার একটি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। এর পরপরই যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির খবর সামনে এলো। হুতিদের ওই হামলার পর সৌদির সঙ্গে পুনরায় তাদের সংঘাত শুরুর পরিস্থিতি তৈরি হয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতার দাফন অনুষ্ঠান থেকে হুতিদের একটি প্রতিনিধি দল দেশে ফেরার সময় সানা বিমানবন্দরে ভয়াবহ হামলা চালায় রিয়াদ সমর্থিত ইয়েমেনের সরকার। এর জবাবে সৌদিতে পাল্টা হামলা করে হুতি গোষ্ঠী। সানার ঘটনায় তারা সৌদি আরবকে সরাসরি দায়ী করছে।

এদিকে ইরানে পুনরায় মার্কিন হামলা ও হরমুজ প্রণালিতে নৌ অবরোধ শুরুর প্রেক্ষাপটেও সৌদির কাছে অস্ত্র বিক্রির খবরকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন

×