গুজরাটে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮
সংগৃহীত ছবি
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬ | ২০:০৯ | আপডেট: ১৮ জুলাই ২০২৬ | ২০:১৪
ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে একটি অবৈধ আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণের ঘটনায় অন্তত আট জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও নয়জন। তাঁদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা অত্যন্ত সংকটজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জানা গেছে, আহমেদাবাদের বস্ত্রাল শহরে অবস্থিত ওই আতশবাজির কারখানায় আজ শনিবার বিকেল সাড়ে ৩টা নাগাদ এই বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী এবং র্যাপিড অ্যাকশন ফোর্স (র্যাফ)। তাৎক্ষণিকভাবে শুরু হয় উদ্ধারকাজ। একে একে দগ্ধ দেহগুলো কারখানা থেকে বের করে দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ওই কারখানার লাইসেন্স অনেক দিন আগেই বাতিল করা হয়েছিল। তার পরেও কীভাবে কারখানাটি সচল ছিল, তা নিয়ে ইতোমধ্যে নানা প্রশ্ন উঠছে। পুলিশ জানিয়েছে, লাইসেন্স বাতিল হওয়ার পর একটি খামারবাড়ির ভেতর সম্পূর্ণ অবৈধভাবে এই বাজি তৈরির কারখানাটি চালানো হচ্ছিল।
এই মর্মান্তিক বিস্ফোরণের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দপ্তর (পিএমও) থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে দুই লাখ রুপি করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন মোদী। আহতদের প্রত্যেককে ৫০ হাজার রুপি করে সহায়তা করা হবে বলেও সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।
- বিষয় :
- ভারত
- অবৈধ কার্যক্রম
- বিস্ফোরণ