ঢাকা রোববার, ১৯ জুলাই ২০২৬

জর্ডানে ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, নিখোঁজ ১

জর্ডানে ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, নিখোঁজ ১
×

ছবি: আল-জাজিরা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ | ০১:২৭

ইরান-সম্পর্কিত সংঘাতের জেরে জর্ডানে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার সময় দুই মার্কিন সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন সেনা সদস্য নিখোঁজ রয়েছেন। খবর সিএনএনর

শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য জানিয়েছে। সেন্টকমের এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে বলা হয়, গত ১৭ জুলাই জর্ডানে ইরানি হামলা প্রতিহত করার সময় সেন্টকম ও সহযোগী বাহিনীর দুই মার্কিন সেনা নিহত হন। এ সময় একজন সেনা সদস্য নিখোঁজ হন।

হামলায় আহত আরও চার মার্কিন সেনাকে জর্ডানের একটি হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এ ছাড়া কয়েকজন সামান্য আহত হলেও তাঁরা কাজে ফিরেছেন বলে জানিয়েছে সেন্টকম।

নিহত সেনাদের পরিচয় তাঁদের স্বজনদের জানানোর ২৪ ঘণ্টা না হওয়া পর্যন্ত প্রকাশ করা হবে না বলে জানিয়েছে মার্কিন সামরিক কর্তৃপক্ষ।

এদিকে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিহত সেনাদের স্মরণ করে লিখেছেন, ‘বিদায়, বীরেরা। আপনাদের এই আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরও দৃঢ় করেছে।’

এর আগে শনিবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জর্ডানের আল-আজরাকে মার্কিন বাহিনীর ব্যবহৃত একটি ঘাঁটিতে হামলার দায় স্বীকার করে। আইআরজিসির দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে চালানো ওই হামলায় বেশ কয়েকটি বিমান ‘সম্পূর্ণরূপে ধ্বংস’ হয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর হতাহতের পরিসংখ্যান অনুযায়ী, এ ঘটনার মধ্য দিয়ে প্রায় পাঁচ মাস ধরে চলা সংঘাতে নিহত মার্কিন সেনাসদস্যের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে।

আরও পড়ুন

×