ট্রাম্পের স্বাক্ষর সম্পূর্ণ মূল্যহীন: খামেনি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: সংগৃহীত
রয়টার্স
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ | ১০:৫৭
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র বারবার সমঝোতা স্মারক (এমওইউ) লঙ্ঘন করায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর যে ‘সম্পূর্ণ মূল্যহীন ও বিশ্বাসযোগ্যতাহীন’, তা আবারও প্রমাণিত হয়েছে।
শনিবার এক লিখিত বিবৃতিতে তিনি বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারক যুক্তরাষ্ট্র একাধিকবার লঙ্ঘন করেছে। এর মধ্য দিয়ে ট্রাম্পের দেওয়া প্রতিশ্রুতির ওপর কোনো আস্থা রাখা যায় না বলেও মন্তব্য করেন তিনি।
গত সপ্তাহে দুই দেশের মধ্যে হওয়া যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর ওয়াশিংটন ও তেহরান পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। এতে মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
যুক্তরাষ্ট্রের হামলার আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি ওয়াশিংটনকে কড়া হুঁশিয়ারি দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ‘সংঘাত বাড়িয়ে তোলার’ চেষ্টা করছে এবং এর জন্য তাদের চড়া মূল্য দিতে হবে।
এক মাস আগে দুই পক্ষের মধ্যে স্বাক্ষরিত অন্তর্বর্তী যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেঙে যায়। এরপর থেকেই যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের বিরুদ্ধে হামলার মাত্রা বাড়িয়েছে। এতে দুই দেশের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা আবারও জোরালো হয়েছে।
ইরানের বিভিন্ন সেতু, বিদ্যুৎকেন্দ্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোতে যুক্তরাষ্ট্রের হামলার পর শনিবার পাল্টা জবাব দেয় তেহরান। ধারণা করা হচ্ছে, জর্ডানের পাশাপাশি সৌদি আরব এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্যান্য মিত্রদেশকেও লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এবং সর্বোচ্চ নেতার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে প্রকাশিত এক লিখিত বিবৃতিতে আয়াতুল্লাহ মোজতবা খামেনি বলেন, অন্তর্বর্তী যুদ্ধবিরতি চুক্তি বারবার লঙ্ঘনের মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রমাণ করেছে, প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষরের ‘কোনো মূল্য বা বিশ্বাসযোগ্যতা নেই’।
বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র এখন সংঘাত আরও বাড়িয়ে তুলতে চায়। এর ফলে তাদের আরও বড় মূল্য দিতে হবে এবং আরও অপমানের মুখে পড়তে হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরানের জনগণ ও ‘রেজিস্ট্যান্স ফ্রন্ট’ এমন জবাব দিতে সক্ষম, যা যুক্তরাষ্ট্র কখনও ভুলতে পারবে না। তবে ইরানের এসব বক্তব্যের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি হোয়াইট হাউস।
- বিষয় :
- মোজতবা খামেনি
- ইরান
- ডোনাল্ড ট্রাম্প