ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

চীনের শীর্ষ সাহিত্য পুরস্কার জিতলেন ফুড রাইডার

চীনের শীর্ষ সাহিত্য পুরস্কার জিতলেন ফুড রাইডার
×

ওয়াং জিবিং

সমকাল ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬ | ০৫:৪৭

খাবার পৌঁছে দেওয়ার ফাঁকে ওয়াং জিবিং কাগজের টুকরোয় লিখে রাখতেন কবিতা। সেই সংকলনই তাঁকে এনে দিয়েছে চীনের অন্যতম শীর্ষস্থানীয় সাহিত্যিক সম্মাননা ।

৫৬ বছর বয়সী ওয়াং ২০১৯ সালের দিকে খাবার সরবরাহকারী রাইডার হিসেবে কাজ শুরু করেন। পরে তাঁর কবিতা ও প্রবন্ধ সামাজিক মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পায় এবং তিনি একজন পরিচিত লেখক হয়ে ওঠেন। তাঁর কাব্যগ্রন্থ ‘লো ফ্লাইট’ মূলত খাবার সরবরাহকারী কর্মীদের দৈনন্দিন জীবন-সংগ্রাম, অনিশ্চয়তা ও মানসিক চাপকে কেন্দ্র করে লেখা।

বইটি প্রকাশিত হয় ২০২৪ সালে। চীনের আধুনিক সাহিত্যের অন্যতম পথিকৃৎ লু সুনের নামে প্রবর্তিত এই সাহিত্য পুরস্কার দেশটির অন্যতম সর্বোচ্চ সাহিত্য সম্মান হিসেবে বিবেচিত হয়।

পুরস্কার পাওয়ার খবর প্রকাশের পর চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াং বলেন, ‘আমি নিঃশ্বাস আটকে রেখেছিলাম, প্রচণ্ড নার্ভাস ছিলাম। ফল ঘোষণার পর সবকিছু যেন স্থির হয়ে গেল। পুরস্কার নিয়ে গণমাধ্যমের ব্যাপক আগ্রহ তাঁর ওপর মানসিক চাপও তৈরি করেছে বলেন তিনি।

চীনের জিয়াংসু প্রদেশে জন্ম নেওয়া ওয়াং আর্থিক সংকটের কারণে কৈশোরেই পড়াশোনা ছেড়ে দেন। এরপর নির্মাণশ্রমিক, বর্জ্য সংগ্রহকারী ও ফুটপাতে পণ্য বিক্রেতাসহ নানা পেশায় কাজ করেন। কঠিন জীবনের মধ্যেও বই পড়ার অভ্যাস ছাড়েননি তিনি। গত এক দশক ধরে নিজের লেখা কবিতা ও প্রবন্ধ সামাজিক মাধ্যমে প্রকাশ করতে থাকেন।

লু সুন সাহিত্য পুরস্কার জিতলেও ডেলিভারি রাইডারের চাকরি ছাড়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ওয়াং। তাঁর ভাষ্য, ‘জীবিকা নির্বাহের জন্য এখন এই কাজের ওপর নির্ভর করতে হয় না। কিন্তু এই কাজের পরিবেশ আমার ভালো লাগে, এটি আমাকে সুস্থও রাখে। আমি সাধারণ মানুষের মতো জীবনই চাই। এই পুরস্কার আমাকে বদলে দেবে না।’ বিবিসি।

আরও পড়ুন

×