ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সিকিমে তিস্তা প্রকল্পের টানেলে ধস, ৯ মরদেহ উদ্ধার

সিকিমে তিস্তা প্রকল্পের টানেলে ধস, ৯ মরদেহ উদ্ধার
×

সিকিমে দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দলের সদস্যরা। ছবি: সংগৃহীত

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ২১ জুলাই ২০২৬ | ১৩:২৪ | আপডেট: ২১ জুলাই ২০২৬ | ১৩:৩২

ভারতের সিকিমে তিস্তা নদীতে জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণাধীন টানেলে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। ধস নেমে প্রবেশপথ বন্ধ হওয়া এবং ভেতরে মিথেন গ্যাস ছড়িয়ে বেশ কয়েকজন শ্রমিক প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অন্তত ৯ জনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে।

সিকিম দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পরিচালক রাজীব রোকা মঙ্গলবার এএফপিকে বলেন, কোনো বিস্ফোরণের কারণে টানেলে ধস নেমে থাকতে পারে। সেটি কীভাবে ঘটেছে তা জানা যায়নি। ভেতরে আরও বেশ কয়েকজন আটকে থাকার বিষয়ে ধারণা করা হচ্ছে।

গত কয়েকদিন ধরে সিকিমে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এর মধ্যেই সোমবার বিকেলে নামচি জেলায় এনএইচপিসির তিস্তা স্টেজ-৬ জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণাধীন সুড়ঙ্গে ধসের ঘটনা ঘটে। এরপর উদ্ধার তৎপরতা শুরু হলেও প্রবল বৃষ্টি ও বিষাক্ত মিথেন গ্যাসের কারণে কাজ ব্যাহত হয়।

সিকিম প্রশাসন জানিয়েছে, সুড়ঙ্গের ভেতরে মোট ২৭ জন ছিলেন। তাদের মধ্যে ১৯ জন শ্রমিক, ২ জন প্রকৌশলী এবং ৬ জন এনএইচপিসির কর্মকর্তা। যদিও বেসরকারি হিসাবে টানেলের ভেতর আটকে ছিলেন ৩৮ জন। অপরদিকে এএফপিকে রাজীব রোকা ২৫ থেকে ২৭ জন আটকে পড়ার কথা জানিয়েছেন। 

প্রশাসন জানিয়েছে, আটকে পড়া ব্যক্তিদের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত আছে। একজন ভেতরে আটকে থাকলেও উদ্ধার কাজ চলবে। সুরক্ষামূলক গ্যাস মাস্ক পরে উদ্ধারকারীরা প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন। এতে অংশ নেওয়া বেশ কয়েকজন কর্মী গ্যাসের প্রভাবে অসুস্থ হয়ে পড়েছেন। 

(প্রতিবেদন তৈরিতে কিছু তথ্য বার্তা সংস্থা এএফপি থেকে নেওয়া হয়েছে)

আরও পড়ুন

×