ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

আন্দোলনের মধ্যে তরুণদের উদ্দেশে যে বার্তা দিলেন নরেন্দ্র মোদি

আন্দোলনের মধ্যে তরুণদের উদ্দেশে যে বার্তা দিলেন নরেন্দ্র মোদি
×

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: এনডিটিভি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ | ১০:৩৬

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বৃহস্পতিবার সকালে তরুণদের উদ্দেশে দেওয়া এক বার্তায় তিনি এ ঘোষণা দেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নরেন্দ্র মোদি বলেন, ‘আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই।’ প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। যারা দেশের তরুণদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

ছাত্র বিক্ষোভ ও সংসদে বিরোধীদের প্রতিবাদের মধ্যেই মোদির এ ঘোষণা এলো। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও জানিয়ে আসছে বিরোধী দলগুলো।

বিরোধী দলনেতা রাহুল গান্ধী বুধবার দাবি করেন, গত ১০ বছরে ভারতে ১৫০টির বেশি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কাউকে দোষী সাব্যস্ত করা যায়নি বলে অভিযোগ করেন তিনি।

এর আগে মঙ্গলবার এনডিএর বৈঠকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে ‘ঘোর পাপ’ হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী মোদি। প্রশ্নপত্র ফাঁস এবং রাজধানীতে শিক্ষার্থীদের ওপর পুলিশের দমন-পীড়নের বিষয়ে সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতিও দাবি করে আসছে বিরোধী দলগুলো।

এদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করেছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। সংগঠনটি এক্সে দেওয়া এক পোস্টে লিখেছে, ‘ধর্মেন্দ্র প্রধানকে অবশ্যই পদত্যাগ করতে হবে।’

সরকার সংসদে এ বিষয়ে আলোচনায় সম্মত হলেও বিরোধী দলগুলো পদত্যাগের শর্ত জুড়ে দিয়ে আলোচনা প্রক্রিয়া আটকে দিচ্ছে বলে অভিযোগ করেছে।

সূত্র: এনডিটিভি

আরও পড়ুন

×