দিল্লির মধ্যাঞ্চলে ইন্টারনেট শাটডাউন, বাড়ল সময়
শিক্ষার্থীদের বহন করা একটি প্ল্যাকার্ডে নরেন্দ্র মোদি ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বৃহস্পতিবার দিল্লিতে। ছবি: এএফপি
দ্য ওয়্যার ও হিন্দুস্থান টাইমস
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ | ২০:০২
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ভারতের রাজধানী দিল্লির মধ্যাঞ্চলে ইন্টারনেট বন্ধের সময়সীমা বাড়িয়েছে সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, এই অঞ্চলে মধ্যরাত পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখতে মোবাইল অপারেটরদের নির্দেশ দেওয়া হয়েছে।
দিল্লির এই অংশে প্রথমবারের মতো ইন্টারনেট বন্ধ করা হয় গত সোমবার। সেদিন সংসদ অভিমুখে মিছিল বের করেছিলেন বিক্ষোভকারীরা। বৃহস্পতিবারের জন্য দেওয়া এক নির্দেশনায় প্রথমে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইন্টারনেট বন্ধ রাখতে বলা হয়েছিল। তবে নতুন এক নির্দেশনায় বলা হয়েছে, এই স্থগিতাদেশ মধ্যরাত পর্যন্ত চলবে।
দ্য ওয়্যারের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার চতুর্থদিনের মতো মধ্য দিল্লিতে ইন্টারনেটের সমস্যা চলছে। যন্তর-মন্তরসহ যেসব এলাকায় শিক্ষার্থীরা জড়ো হয়েছেন সেগুলোতে মোবাইল ইন্টারনেটও বেশ দুর্বল।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ইন্টারনেট বন্ধের নির্দেশনাটি লিখিতভাবে কাউকে জানানো হয়নি। তবে দুটি বড় টেলিকম কোম্পানির কর্মকর্তারা সরকারের মৌখিক নির্দেশনার বিষয়ে নিশ্চিত করেছেন। তারা জানান, এতদিন সকাল ১০টায় পরিষেবা বন্ধ এবং সন্ধ্যা ৬টার দিকে চালু করা হয়েছে।