ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

শিক্ষার্থীদের প্রতি সমর্থন বাড়ছে ভারতজুড়ে বিক্ষোভের ডাক

নয়াদিল্লিতে অনড় সিজেপি, আবারও চড়াও পুলিশ

শিক্ষার্থীদের প্রতি সমর্থন বাড়ছে ভারতজুড়ে বিক্ষোভের ডাক
×

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের অভিযোগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গতকাল বৃহস্পতিবারও ভারতের নয়াদিল্লির যন্তর মন্তরে পুলিশের বাধা ও নিপীড়নের মধ্যে বিক্ষোভ করেন ককরোচ জনতা পার্টির সমর্থকরা -এএফপি

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬ | ০৮:৩৩ | আপডেট: ২৪ জুলাই ২০২৬ | ০৮:৪৪

| প্রিন্ট সংস্করণ

নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে ভারতে শিক্ষার্থী আন্দোলন গণবিস্ফোরণে রূপ নিচ্ছে। কর্মসূচিতে সমর্থন দিচ্ছেন বলিউড তারকা, ক্রিকেটার, আইনজীবী থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক জোট। দিল্লির যন্তর মন্তর ছাড়িয়ে এই ক্ষোভ পুরো দেশে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি) আজ শুক্রবার দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে। কর্মসূচিতে সব শ্রেণি-পেশার মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। 

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুসারে, দিল্লিতে তরুণ শিক্ষার্থীদের এই বিক্ষোভে সংহতি জানিয়ে দেশজুড়ে জনসাধারণের সমর্থন বাড়ছে। বিশিষ্ট সমাজকর্মী আন্না হাজারে মহারাষ্ট্রের অহল্যানগরে মহাত্মা গান্ধীর মূর্তির পাদদেশে দুই ঘণ্টার নীরব অনশন পালন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা চিঠিতে তিনি বলেন, ‘পুলিশের নিপীড়নের খবর অত্যন্ত বেদনাদায়ক। এটিকে কোনো সাধারণ আইনশৃঙ্খলা সমস্যা হিসেবে না দেখে সমাজের ক্ষোভ ও প্রত্যাশা হিসেবে সরকারের দেখা উচিত।’ 

সংস্কৃতি ও ক্রীড়াজগতেও প্রতিবাদের ঢেউ উঠেছে। বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ পুলিশের ভূমিকাকে গুন্ডামির সঙ্গে তুলনা করে তরুণদের মনোবল না হারানোর তাগিদ দিয়েছেন। 
একই সঙ্গে কারিনা কাপুর খান, আলিয়া ভাট, টুইঙ্কেল খান্না, গায়ক অরিজিৎ সিং, সাবেক ক্রিকেটার যুবরাজ সিং, অলিম্পিয়ান অভিনব বিন্দ্রা এবং বক্সার নিখাত জারিন সোচ্চার হয়েছেন। হলিউড তারকা জন কিউস্যাক অরুন্ধতী রায়ের একটি নিবন্ধ শেয়ার করে সমর্থন জানান। সুপ্রিম কোর্টের আইনজীবীরা আদালত প্রাঙ্গণে সংবিধানের প্রস্তাবনা পাঠ করে সংহতি প্রকাশ করেন। 

অন্যদিকে, বিশিষ্ট পরিবেশকর্মী সোনম ওয়াংচুককে অনশন ভাঙার অনুরোধ জানিয়েছেন বলিউড তারকা সালমান খান। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লেখেন, ‘সোনম ভাই, এবার অনশন থামাও, কিছু খেয়ে নাও।’ একই সঙ্গে শিক্ষার্থীদের আশ্বস্ত করে সালমান বলেন, ‘প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন– দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবার নিজ নিজ বাড়ি ফিরে যাও।’ 

যন্তর মন্তর উত্তাল, পুলিশের লাঠিচার্জ
দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে আন্দোলন টানা ৩৪তম দিনে গড়িয়েছে। সমাজকর্মী সোনম ওয়াংচুকের অনশন গড়ায় ২৬ দিনে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেও শিক্ষার্থীদের আত্মহত্যার ক্ষতিপূরণ ও সংসদে আলোচনার শর্ত দিয়ে তিনি অনশন চালিয়ে যাচ্ছেন। 

গত বুধবার রাতে যন্তর মন্তরে পুলিশ ব্যারিকেড দিয়ে এলাকা ছোট করে দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ভিড় টলস্টয় মার্গ পর্যন্ত ছড়িয়ে পড়লে পুলিশ টিয়ার গ্যাসের শেল ও লাঠিচার্জ করে। জবাবে পাথর ছুড়ে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। পুলিশি তল্লাশি ও সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেট্রোস্টেশন বন্ধ রাখা সত্ত্বেও গতকাল বৃহস্পতিবার আবার হাজারো মানুষ জমায়েত হন। 
সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের উচ্ছেদ অভিযোগের দাবি উড়িয়ে দিল্লি পুলিশ জানিয়েছে, যন্তর মন্তরে আন্দোলনকারীদের ওপর অভিযানের কোনো পরিকল্পনা নেই। এর আগে কেজরিওয়াল অভিযোগ করেছিলেন, সিপি এলাকা দ্রুত বন্ধ করে দিয়ে বৃহস্পতিবার রাতে আন্দোলনকারীদের ওপর কেন্দ্রীয় সরকার হামলার প্রস্তুতি নিচ্ছে।
সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা দেশজুড়ে কর্মসূচির ডাক দিয়ে বলেন, দিল্লির বাইরেও আন্দোলন ছড়িয়ে দিতে হবে। অনুগ্রহ করে শুক্রবার সারাদেশের প্রতিটি শহর ও গ্রামে শান্তিপূর্ণ বিক্ষোভ করুন। 
দলটির প্রতিষ্ঠাতা অভিজিত দীপকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে বলেন, ‘শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি উপেক্ষা করা হলে বিক্ষোভ আরও বাড়বে। মোদিজিকে আবারও অনুরোধ করছি, আপনি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণ করুন। না হলে বিষয়টা আপনার পদত্যাগের দাবি পর্যন্ত গড়াবে।’

সংসদে অচলাবস্থা, ফাস্ট-ট্র্যাক আদালতের ঘোষণা মোদির 
ঘটনা সামাল দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশ্ন ফাঁসে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনতে ‘ফাস্ট-ট্র্যাক’ আদালত গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন। পরে গতকাল রাতে প্রশ্ন ফাঁস ও পাবলিক পরীক্ষায় অনিয়ম সংক্রান্ত অপরাধের দ্রুত বিচারের লক্ষ্যে বিচারপতি অনু গ্রোভার বালিগাকে ফাস্ট-ট্র্যাক কোর্টের বিশেষ বিচারক হিসেবে মনোনীত করেছেন দিল্লি হাইকোর্ট। 
ইন্ডিয়া টুডে জানিয়েছে, সংসদের ভেতরেও চরম উত্তাপ বিরাজ করছে। রাহুল গান্ধীর বাসভবনে জরুরি বৈঠক শেষে বিরোধী ইন্ডিয়া জোটের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে– শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা সরকারের সঙ্গে নিট ইস্যুতে কোনো আলোচনায় বসবে না। 

এদিকে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর প্রস্তাবে দিল্লির রাজপথে নামেন ইন্ডিয়া জোটের সাংসদরা। প্রথমে ইন্ডিয়া গেট যাওয়ার কথা থাকলেও পুলিশ বাধা দিলে তারা বাসে চড়ে ৩০ জানুয়ারি মার্গে গান্ধী স্মৃতির উদ্দেশে রওনা হন। পথে পুলিশ বাস আটকে দেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত গতকাল রাত ৮টায় তারা গান্ধী স্মৃতিতে পৌঁছেন। 
শিক্ষার্থীদের পাশে থাকার বার্তা দিয়ে রাহুল গান্ধী বলেন, ‘পুলিশ আমাদের আটকানোর চেষ্টা করেছে। কারণ তারা ভীত। কিন্তু শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো থেকে আমাদের কেউ থামাতে পারবে না।’ 

শিক্ষার্থীর পকেটে মাদক দিয়ে ফাঁসানোর হুমকি
দিল্লির আঁচ লেগেছে দেশটির বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়েও। সেখানে আন্দোলন দমাতে বিতর্কিত পথ বেছে নিয়েছে স্থানীয় পুলিশ। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, পুলিশ ভ্যানে থাকা শিক্ষার্থীদের আন্দোলন ছাড়ার হুমকি দিয়ে এক পুলিশ সদস্য বলছেন, ‘আবার বিক্ষোভে দেখলে পকেটে ৫০ গ্রাম পাউডার (মাদক) ঢুকিয়ে দেব। জামিন পাবে না, জেলে পচে মরবে।’ এ ঘটনায় সমালোচনার মুখে ওই পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। 
এরই মধ্যে মুম্বাইয়ে আন্দোলনের প্রধান প্রতীক হয়ে উঠেছেন মডেল ও অভিনেত্রী রিয়া অহির। শিবাজি পার্কের কাছে আটক শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার সময় তুমুল বৃষ্টির মধ্যে একা চলন্ত পুলিশ ভ্যানের সামনে হাত উঁচিয়ে পথ আটকে দাঁড়ান রিয়া। তাঁর এই অবস্থানের মুখে শেষ পর্যন্ত আটক শিক্ষার্থীদের ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ। 

 

আরও পড়ুন

×