ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

ভেনেজুয়েলা নির্বাচনের জন্য প্রস্তুত নয়: ডোনাল্ড ট্রাম্প

ভেনেজুয়েলা নির্বাচনের জন্য প্রস্তুত নয়: ডোনাল্ড ট্রাম্প
×

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬ | ০৬:৫৭

ভেনেজুয়েলা এখনও নির্বাচন করার জন্য প্রস্তুত নয় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার তিনি বলেন, ‘তারা এখনও সত্যিকার অর্থে এর জন্য প্রস্তুত নয়। তবে অনেক অগ্রগতি হয়েছে।’

সাত মাসেরও বেশি সময় আগে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে আটক হন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এর পর থেকে অন্তর্বর্তী সরকার হিসেবে ভেনেজুয়েলার হাল ধরেন ডেলসি রদ্রিগেজ। তিনি এর আগে মাদুরোর ভাইস প্রেসিডেন্ট ছিলেন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন বলছে, ওয়াশিংটনের সম্মতিতে ক্ষমতায় টিকে আছে রদ্রিগেজ। ট্রাম্পের ভাষায়, তিনি অসাধারণভাবে কাজ করছেন। ভেনেজুয়েলায় নির্বাচন সময়মতো নিজ গতিতে হবে উল্লেখ করে ট্রাম্প বলেন, আমাদের সঠিকভাবে সবকিছু করতে হবে।

সম্প্রতি ভেনেজুয়েলা বড় ধরনের ভূমিকম্পের কবলে পড়েছিল। সেখানে ব্যাপক প্রাণহানি হয়েছে। যুক্তরাষ্ট্র সেই সময়ও তাদের সহায়তার আশ্বাস দিয়েছিল। দেশটি থেকে বর্তমানে বিপুল পরিমাণে তেল রপ্তানি করছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প এ বিষয়ে খোলামেলাভাবে বলেন, ‘আমরা আমাদের প্রচেষ্টার জন্য অনেক কিছু নিচ্ছি।’

ট্রাম্প বলেন, ‘আমি ভেনেজুয়েলায় খুব জনপ্রিয়। কারণ, আমরা দেশটিতে ব্যাপক অর্থনৈতিক কর্মকাণ্ড ফিরিয়ে আনছি। তারা সম্পূর্ণভাবে দুরবস্থার মধ্যে ছিল।’ আগামী বছর যুক্তরাষ্ট্রে বিচারের মুখোমুখি হওয়ার কথা রয়েছে মাদুরোর।

ইরান যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা নিয়ে সতর্কভাবে পদক্ষেপ নিচ্ছে। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গত জুনে বলেছিলেন, ভেনেজুয়েলায় প্রথমে স্বাধীন গণমাধ্যম এবং নতুন নির্বাচন কমিশন প্রয়োজন।

আরও পড়ুন

×